একটি রাজনৈতিক দল হকার-রিকশাচালকদের উসকানি দিচ্ছে: ডিএনসিসি প্রশাসক

একটি রাজনৈতিক দল হকার-রিকশাচালকদের উসকানি দিচ্ছে: ডিএনসিসি প্রশাসক

ছবি: সংগৃহীত

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেছেন, একটি রাজনৈতিক দল হকার ও রিকশাচালকদের উসকানি দিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করতে ষড়যন্ত্র করছে। অটোরিকশা আন্দোলনের নামে বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ও নেতাদের সেদিন দেখা গিয়েছিল। বাংলাদেশে একজন মানুষও নেই যে অটোরিকশার পক্ষে রাস্তায় গিয়ে আন্দোলন করবে।

শুক্রবার (৯ অক্টোবর) রাজধানীর মিরপুরে ‘জুলাই গ্রাফিতি রিমেক’ কার্যক্রমের অংশ নিয়ে ডিএনসিসি প্রশাসক এ কথা বলেন।

তিনি বলেন, ঢাকা শহরের প্রতিটি জায়গায় আমরা ফুটপাত দখলমুক্ত করব, ইনশাআল্লাহ। ফুটপাত নিয়ে কোনো টালবাহানা চলবে না। যত বাধা-বিপত্তি আসুক, ফুটপাত দখলমুক্ত রাখা হবে। জনগণই সকল ক্ষমতার উৎস। কেউ যদি আবার ফুটপাত দখলের চেষ্টা করে, তাহলে আমার লাশের ওপর দিয়ে করতে হবে।

ডিএনসিসি প্রশাসক বলেন, জনগণ যা চাইবে, প্রধানমন্ত্রী তাই করবেন, বর্তমান সরকার তাই করবে। এর বাইরে ঢাকা উত্তর সিটি করপোরেশন নয়। জনগণ যা চাইবে না, সিটি করপোরেশন তা করবে না। অবশ্যই জনগণ চায় ফুটপাত দখলমুক্ত রাখা। সিটি করপোরেশন সেই কারণে জনগণের সহযোগিতা নিয়ে সেটা করতে সক্ষম হয়েছে, সফল হয়েছে। নতুন করে কেউ যদি ষড়যন্ত্র করার চেষ্টা করে, নগরবাসীকে নিয়ে প্রতিহত করার জন্য আমরা প্রস্তুত আছি।

তিনি আরও বলেন, ফুটপাত যাতে আর কেউ দখল করতে না পারে, সেজন্য একটি মনিটরিং টিম গঠন করা হয়েছে। আমাদের টিমের সদস্যরা সকাল-সন্ধ্যা মনিটরিংয়ে রাখছেন। এখন সেই দখলমুক্ত ফুটপাতে সবুজায়নের জন্য গাছ লাগানো হচ্ছে। ফুটপাতগুলো অনেক জায়গায় ভেঙেচুরে গর্ত হয়ে গেছে, টাইলস ভেঙে গেছে; সেগুলোর সংস্কারকাজ চলমান আছে। কাজগুলো সম্পন্ন হওয়ার পর নগরবাসীকে একটা দৃষ্টিনন্দন ফুটপাত উপহার দেওয়ার চেষ্টা করব। ফুটপাতের পাশের দেয়ালগুলোতে গ্রাফিতি করার এবং আরও সুন্দর ও হাঁটার উপযোগী করার পরিকল্পনা আমাদের আছে।

মো. শফিকুল ইসলাম খান বলেন, ৭২ ঘণ্টার মধ্যে মেট্রোরেলের পিলার থেকে পোস্টার সরিয়ে গ্রাফিতি অঙ্কন করা হচ্ছে। এখানে কোনো রাজনীতিকরণ হবে না; যারা দেশের আন্দোলন-সংগ্রামে ভূমিকা রেখেছে, তাদেরই গ্রাফিতিতে রাখা হবে।