কেরানীগঞ্জে অনিক-জুনায়েদের ফাঁসির দাবি, বিক্ষোভে আলেমদের হুঁশিয়ারি
সংগৃহীত ছবি
ঢাকার কেরানীগঞ্জে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে অনিক ও জুনায়েদ নামে দুই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। একই দাবি জানিয়েছেন সমাবেশের সভাপতি আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী।
শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমা কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে ঈমান ও আকিদা সংরক্ষণ কমিটি, কেরানীগঞ্জের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তাঁরা এসব দাবি জানান।
সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা জুনায়েদ আল হাবীব বলেন, বর্তমান সরকারের কাছে উদাত্ত আহ্বান, এই জালিম নাস্তিকদের সর্বোচ্চ শাস্তি দিতে হবে। তা না হলে রাজপথের আন্দোলন আরও বেগবান হবে।
তিনি আরো বলেন, ইসলাম ও মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শনের আহ্বান জানিয়ে তিনি অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন।
সমাবেশে সভাপতির বক্তব্যে আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুরী বলেন, ‘আজকে কেরানীগঞ্জের রাস্তায় এক পাশ বন্ধ হয়েছে। পরবর্তীতে প্রয়োজনে দুই পাশ বন্ধ করে দেওয়া হবে। অনিক ও জুনায়েদের ফাঁসি কার্যকর না হলে ঢাকাসহ বিভিন্ন পয়েন্টে রাস্তা বন্ধ করে তৌহিদি জনতা আন্দোলন গড়ে তুলবে।
তিনি মহানবী (সা.)-এর সম্মান ও মর্যাদা রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
সমাবেশে বক্তব্য দেন মাওলানা মজিবুর রহমান হামিদী, মুফতি আবু সাঈদ মিসবাহ, মুফতি শামসুল হক, আল্লামা বিলাল হুসাইন, মাওলানা লোকমান ছাদী ও মাওলানা নুরুল হক।
বক্তারা মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও হজরত আয়েশা (রা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তাঁরা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং প্রচলিত আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
পাশাপাশি ধর্মীয় অনুভূতির প্রতি শ্রদ্ধা প্রদর্শন এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
সমাবেশটি পরিচালনা করেন মুফতি মীর শামসুদ্দিন বড়াইলী, মুফতি আবুল হাসানাত ফরিদী, মুফতি তাহের আ. হালিম ও মুফতি আসাদুল্লাহ তানজিল।
ঈমান ও আকিদা সংরক্ষণ কমিটি, কেরানীগঞ্জের উদ্যোগে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন পর্যায়ের আলেম-ওলামা ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্ল্যাকার্ড প্রদর্শনের মাধ্যমে প্রতিবাদ জানান। সমাবেশ থেকে দাবির পক্ষে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়।