এপেক্সের পার্টনারস সামিট অনুষ্ঠিত
সংগৃহীত
পারস্পরিক আস্থা ও দীর্ঘদিনের অংশীদারত্ব উদযাপন করতে ‘সাফল্যের পথে একসাথে’ প্রতিপাদ্যে ‘পার্টনারস সামিট’ আয়োজন করেছে এপেক্স ফুটওয়্যার লিমিটেড। সম্প্রতি ঢাকার র্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত এ অনুষ্ঠানে এপেক্সের পার্টনাররা অংশ নেন।
অনুষ্ঠানে এপেক্সের সাফল্যে তাদের অবদানকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি তাদের মধ্যকার পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিষয়টি উঠে আসে এ আয়োজনে। এ সময় পার্টনারদের অবদানের স্বীকৃতিস্বরূপ ৬টি ক্যাটাগরিতে তাদের পুরস্কার প্রদান করা হয়। এর মধ্যে ছিল ‘লংস্ট্যান্ডিং পার্টনারশিপ অ্যাওয়ার্ড’, ‘ডেলিভারি এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ এবং এপেক্সের পার্টনারদের জন্য সর্বোচ্চ সম্মাননা ‘সৈয়দ মঞ্জুর এলাহী অ্যাওয়ার্ড’।
অনুষ্ঠানে বক্তব্য দেন এপেক্স গ্রুপের চেয়ারম্যান গোলাম মইন উদ্দীন, ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফিরোজ মোহাম্মদ। তারা বলেন, পার্টনারদের সঙ্গে পারস্পরিক সুসম্পর্ক ও স্বচ্ছতা এপেক্সের সাফল্যের অন্যতম ভিত্তি।
এপেক্স ফুটওয়্যার লিমিটেডের সিইও ফিরোজ মোহাম্মদ বলেন, ‘এপেক্সের প্রবৃদ্ধিতে আমাদের পার্টনাররা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। এ সামিট তাদের অবদানের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি সামনে কীভাবে একসঙ্গে এগিয়ে যাওয়া যায়, তা নিয়ে ভাবার একটি উপলক্ষ।’
তিনি আরও বলেন, পণ্যের গুণগত মান ও নকশা আরও উন্নত করা, কাজের লক্ষ্যগুলো স্পষ্ট করা এবং পারস্পরিক সহযোগিতার প্রক্রিয়াকে আরও সুশৃঙ্খল করার মাধ্যমে পার্টনারদের সঙ্গে সম্পর্ক আরও এগিয়ে নিতে চায় এপেক্স।
এ লক্ষ্য সামনে রেখে অনুষ্ঠানে নতুন ‘পার্টনার পারফরম্যান্স টুল’-এর কার্যক্রম শুরু করা হয়। পার্টনারদের সঙ্গে কাজের সমন্বয় বাড়াতে এই টুল চালু করা হয়েছে বলে আয়োজকেরা জানান।
অনুষ্ঠানে কয়েকজন পার্টনার তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। ‘সৈয়দ মঞ্জুর এলাহী অ্যাওয়ার্ড’, ‘বেস্ট সেলিং অ্যাওয়ার্ড’ ও ‘কোয়ালিটি অ্যাওয়ার্ড’ পাওয়া এপেক্স পার্টনার তামিম চৌধুরী বলেন, ‘এমন স্বীকৃতি পাওয়া সত্যিই অনেক ভালো লাগার। এপেক্সের সঙ্গে আমাদের এই পথচলায় যে আস্থা আর পরিশ্রম ছিল, এই পুরস্কার যেন তারই স্বীকৃতি। এটা আমাদের সামনে আরও ভালো করার অনুপ্রেরণা দেয়।’
তিনি বলেন, দীর্ঘদিনের অংশীদারত্ব আস্থার ভিত্তিতেই গড়ে ওঠে। কোনো সুযোগ শুরুতে কতটা বড়, তার চেয়ে সেই সুযোগকে কতটা ভালোভাবে কাজে লাগানো যায়, সেটিই গুরুত্বপূর্ণ। একজনের একার সাফল্যের চেয়ে একসঙ্গে এগিয়ে যাওয়াই বড় সাফল্য।
ভবিষ্যতে একসঙ্গে কাজের পরিকল্পনা নিয়ে পার্টনারদের আলোচনার মধ্য দিয়ে সামিট শেষ হয়। এ সময় পণ্যের গুণগত মান ও নকশার সক্ষমতা বাড়ানো এবং পার্টনারদের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করার ওপর গুরুত্ব দেওয়া হয়।