ইসলামিক ব্যাংকিংয়ের জন্য স্বতন্ত্র আইন করছে কেন্দ্রীয় ব্যাংক
ফাইল ছবি
দেশে ইসলামিক ব্যাংকিং খাতের জন্য স্বতন্ত্র আইন প্রণয়নের কাজ করছে বাংলাদেশ ব্যাংক। পাশাপাশি এ খাত পরিচালনায় একটি পূর্ণাঙ্গ গাইডলাইন তৈরির কাজও চলছে।
গ্রাহকদের আস্থা বাড়ানো, সুশাসন নিশ্চিত করা এবং ইসলামিক ব্যাংকিংয়ের জন্য শক্তিশালী নিয়ন্ত্রক কাঠামো গড়ে তুলতে এসব উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ড. মো. কবির আহমেদ।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর) ঢাকায় অনুষ্ঠিত ‘বাংলাদেশ ইসলামিক ফাইন্যান্স সামিট ২০২৬’-এর দ্বিতীয় আসরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সিটি ইসলামিকের সহযোগিতায় আইএফএ কনসালটেন্সি ও মালয়েশিয়াভিত্তিক এডিএল গ্রুপ যৌথভাবে এ সম্মেলনের আয়োজন করে।
ডেপুটি গভর্নর বলেন, দেশের অর্থনীতিতে ইসলামিক ব্যাংকিং ও শরিয়াহভিত্তিক অর্থায়ন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
এ খাতের গ্রাহকদের আস্থা সুদৃঢ় করতে এবং শক্তিশালী নিয়ন্ত্রক ও পরিচালন কাঠামো গড়ে তুলতে আন্তর্জাতিক সর্বোত্তম চর্চা ও মানদণ্ড অনুসরণ করে স্বতন্ত্র ইসলামিক ব্যাংকিং আইন প্রণয়নের কাজ করছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে পূর্ণাঙ্গ ইসলামিক ব্যাংকিং গাইডলাইন তৈরির কাজও প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি জানান, ইসলামিক ব্যাংকিং খাতের প্রাতিষ্ঠানিক সক্ষমতা বাড়ানো এবং এ খাতের জন্য সুনির্দিষ্ট নীতিগত ও নিয়ন্ত্রক সহায়তা দিতে বাংলাদেশ ব্যাংকে পৃথক ‘ইসলামিক ব্যাংকিং রেগুলেশন অ্যান্ড পলিসি ডিপার্টমেন্ট’ গঠন করা হয়েছে। এ ছাড়া ইসলামিক আর্থিক বাজারের উন্নয়ন এবং বিনিয়োগ আকর্ষণে সুকুক পণ্যের বিকাশ ও বৈচিত্র্য বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
‘ট্রাস্ট, রিফর্ম অ্যান্ড গ্রোথ : স্কেলিং শরিয়াহ-কমপ্লায়েন্ট ফাইন্যান্স ইন বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খান। তিনি বলেন, দেশের পুঁজিবাজারে ইসলামিক আর্থিক পণ্য ও সুকুকের ব্যাপক সম্ভাবনা রয়েছে। যথাযথ নীতিমালা প্রণয়ন এবং শরিয়াহ পরিপালন নিশ্চিত করা গেলে ইসলামিক পুঁজিবাজার দীর্ঘমেয়াদি অর্থায়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারবে।
অনুষ্ঠানে সিটি ব্যাংক পিএলসির উপব্যবস্থাপনা পরিচালক আশানুর রহমান বলেন, ইসলামিক ব্যাংকিংয়ের সম্প্রসারণ ও গ্রাহকসেবার মান বাড়াতে যথাযথ তদারকি এবং আন্তর্জাতিক মানদণ্ড অনুসরণ জরুরি। এ ধরনের সম্মেলন নীতিগত সংস্কারের ক্ষেত্রে নতুন দিকনির্দেশনা দিতে পারে।
আইএফএ কনসালটেন্সির সহপ্রতিষ্ঠাতা এবং এডিএল অ্যাডভাইজরির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা মুফতি ইউসুফ সুলতান বলেন, ইসলামিক ফাইন্যান্স খাতে টেকসই প্রবৃদ্ধি নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক সুশাসন, স্বচ্ছতা এবং আন্তর্জাতিক শরিয়াহ মানদণ্ডের যথাযথ বাস্তবায়নকে অগ্রাধিকার দিতে হবে।
আইএফএ কনসালটেন্সির প্রতিষ্ঠাতা ও পরিচালক এবং এডিএল গ্রুপের সহপ্রতিষ্ঠাতা মুফতি আব্দুল্লাহ মাসুম বলেন, এ সম্মেলন স্থানীয় ইসলামিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়ানো এবং দক্ষ জনবল তৈরিতে ভূমিকা রাখবে।