গাছের ডাল পড়ে বৃদ্ধের মৃত্যু

গাছের ডাল  পড়ে বৃদ্ধের মৃত্যু

প্রতিকী ছবি

মেহেরপুরের গাংনী উপজেলার হাড়াভাঙ্গা গ্রামে গাছের ডাল কাটার সময় মাথায় ডাল পড়ে জিন্নাত আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শনিবার দুপুর ৩টার দিকে গ্রামের পূর্বপাড়ার মাঠে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিন্নাত আলী হাড়াভাঙ্গা গ্রামের পূর্বপাড়ার মৃত মতিয়ার রহমানের ছেলে।স্থানীয় সূত্রে জানা গেছে, জিন্নাত আলী নিজের বাগানে কয়েকজনকে সঙ্গে নিয়ে গাছের ডাল কাটছিলেন।

এ সময় অসাবধানতাবশত গাছের একটি ডাল তাঁর মাথার ওপর আছড়ে পড়ে। এতে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বামন্দীর একটি স্থানীয় ক্লিনিকে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাদ্দিদ মোর্শেদ চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। খোঁজখবর নিয়ে মৃত্যুর কারণ নিশ্চিত করার চেষ্টা চলছে।