লাকসামে ১২০ সাংবাদিকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালা
ছবি: সংগৃহীত
পেশাগত দক্ষতা বৃদ্ধি ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের লক্ষ্যে কুমিল্লার লাকসামে চার উপজেলার ১২০ জন সাংবাদিকের অংশগ্রহণে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১০ অক্টোবর) লাকসাম প্রেস ক্লাবের আয়োজনে লাকসাম পৌর অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে লাকসাম, মনোহরগঞ্জ, নাঙ্গলকোট ও লালমাই উপজেলার সাংবাদিকরা অংশ নেন।
কর্মশালায় প্রশিক্ষক ছিলেন বাংলাভিশন টেলিভিশনের বার্তা সম্পাদক মোস্তফা কামাল, আনাদোলু এজেন্সির বাংলাদেশ সংবাদদাতা মুতাসিম বিল্লাহ এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক আবদুর রাজ্জাক সোহেল।
লাকসাম প্রেস ক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজনের সভাপতিত্বে কর্মশালাটি সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ। উদ্বোধনী বক্তব্য দেন আবদুল কুদ্দুছ, সৈয়দ মুজিবুর রহমান দুলাল, মিজানুর রশিদ ও আরিফুর রহমান স্বপন।
প্রশিক্ষণ সেশনে সংবাদ সংগ্রহ, প্রতিবেদন লেখার কৌশল, তথ্যের সত্যতা যাচাই, ফিচার রাইটিং এবং আধুনিক গণমাধ্যমের চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করা হয়।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের সনদপত্র প্রদান এবং অনুষ্ঠানে লাকসাম প্রেস ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন করা হয়।
সমাপনী বক্তব্যে সভাপতি বদিউল আলম সুজন বলেন, পেশাগত দক্ষতা বৃদ্ধি, তথ্য যাচাই ও নৈতিকতার চর্চার মাধ্যমে সাংবাদিকদের জনগণের আস্থা অর্জন করতে হবে।