ইসলাম কোনো রাজনৈতিক দলের নয় : পানিসম্পদ প্রতিমন্ত্রী
ছবি: সংগৃহীত
মসজিদকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে রেখে এর প্রকৃত মর্যাদা সমুন্নত রাখতে হবে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি বলেন, মসজিদ আল্লাহর ঘর। অতীতে মসজিদকে দলীয় কার্যালয়ে পরিণত করার চেষ্টা করা হয়েছিল। মসজিদকে তার প্রকৃত মর্যাদায় ফিরিয়ে আনতে হবে। ইসলাম কোনো রাজনৈতিক দল বা ব্যক্তির নয়।
শনিবার পঞ্চগড় সরকারি অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পঞ্চগড় জেলা শাখা আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, তারা কোনো মাহফিলের বিরুদ্ধে নন; বরং মাহফিল আয়োজনকে সহযোগিতা করতে চান। তবে মাহফিলের নামে কেউ সরকারের বিরোধিতা কিংবা সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্রের চেষ্টা করলে তা মেনে নেওয়া হবে না। এ বিষয়ে ওলামা দলের প্রত্যেক নেতাকর্মীকে সোচ্চার থাকার আহ্বান জানান তিনি।
ধর্মীয় আয়োজনের উদ্দেশ্য ও বক্তা নির্বাচনের বিষয়ে গুরুত্বারোপ করে ফরহাদ হোসেন আজাদ বলেন, প্রতিটি মাহফিলে এমন নিরপেক্ষ বক্তা আমন্ত্রণ জানানো উচিত, যিনি কোনো রাজনৈতিক দলের পক্ষে কথা না বলে পবিত্র কোরআন ও হাদিসের সঠিক ব্যাখ্যার মাধ্যমে মানুষকে সৎপথের দিশা দেবেন। কোনো রাজনৈতিক দলের পক্ষে বক্তব্য দেওয়ার জন্য মাহফিলে বক্তা আনার প্রয়োজন নেই। ইসলামের প্রকৃত শিক্ষা মানুষের কাছে পৌঁছে দেওয়াই হওয়া উচিত মাহফিলের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, এলাকায় কোরআন-হাদিসের আলোকে ইসলামের সঠিক ব্যাখ্যা তুলে ধরতে সক্ষম এমন আলেম ও বক্তাদের খুঁজে বের করতে হবে। তাদের মাধ্যমে মাহফিল আয়োজন করা হলে তিনি স্বাগত জানাবেন। এসব মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত থাকার পাশাপাশি আয়োজন সফল করতে আর্থিকসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দেওয়ার আশ্বাস দেন তিনি।
প্রতিমন্ত্রী বলেন, ধর্মীয় অনুষ্ঠান ইসলামের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ প্রচারের মাধ্যম হওয়া উচিত। রাজনৈতিক স্বার্থের ঊর্ধ্বে থেকে ধর্মীয় শিক্ষার সঠিক চর্চা নিশ্চিত করতে আলেম-ওলামা ও ধর্মীয় সংগঠনের নেতাকর্মীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।