ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে দিনাজপুরে প্রশিক্ষণ

ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে দিনাজপুরে প্রশিক্ষণ

ছবি: সংগৃহীত

‘ব্যক্তি নয়, পরিবারই হলো উন্নয়নের মূল একক’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নে সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে। এ উপলক্ষে প্রশিক্ষণার্থীদের মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে।

শনিবার (১০ অক্টোবর) সকাল ৯টায় দিনাজপুর জেলা সমাজসেবা কমপ্লেক্সের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়। শহর সমাজসেবা কার্যালয়, দিনাজপুর এবং উপজেলা সমাজসেবা কার্যালয়, দিনাজপুর সদরের যৌথ আয়োজনে ১০ ও ১১ অক্টোবর দুই দিনব্যাপী এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। তিনি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর আমীন শরীফ এবং শহর সমাজসেবা কর্মকর্তা মাইনুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

প্রশিক্ষণ কর্মসূচির আওতায় সুপারভাইজার ও তথ্য সংগ্রহকারীদের তথ্য সংগ্রহ, সংরক্ষণ এবং ফ্যামিলি কার্ড কর্মসূচি বাস্তবায়নের বিভিন্ন দিক সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। পাশাপাশি সংশ্লিষ্টদের কাজের দক্ষতা বাড়ানো এবং তথ্য ব্যবস্থাপনাকে আরও গতিশীল করতে ট্যাব বিতরণ করা হয়েছে।

আয়োজকেরা জানান, প্রশিক্ষণ ও প্রযুক্তিগত সরঞ্জাম সরবরাহের মাধ্যমে ফ্যামিলি কার্ড কর্মসূচির কার্যক্রম আরও কার্যকর ও সুশৃঙ্খলভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে।