রাকসুর উদ্যোগে ২৮ নবীন শিক্ষার্থীকে সাংবাদিকতায় প্রশিক্ষণ

রাকসুর উদ্যোগে ২৮ নবীন শিক্ষার্থীকে সাংবাদিকতায় প্রশিক্ষণ

সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২৮ জন নবীন শিক্ষার্থীকে সাংবাদিকতা বিষয়ে প্রশিক্ষণ শেষে ফেলোশিপ ও সনদ দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)। পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে সংবাদ সংগ্রহ, সংবাদ লেখা, তথ্য যাচাই ও নৈতিক সাংবাদিকতার বিভিন্ন দিক শেখানো হয়।

শনিবার (১০ অক্টোবর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের কনফারেন্স কক্ষে রাকসুর মিডিয়া ও প্রকাশনা বিভাগের আয়োজনে প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তারা নবীন শিক্ষার্থীদের সাংবাদিকতার বিভিন্ন দিক নিয়ে দিকনির্দেশনা দেন। তারা সমাজে সাংবাদিকদের করণীয় ও দায়িত্ব সম্পর্কে শিক্ষার্থীদের অবহিত করেন। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে শিক্ষার্থীরা ভবিষ্যতে সাংবাদিকতা পেশায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

প্রশিক্ষণ শেষে অনুভূতি জানিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আল মমিন সরকার বলেন, “পাঁচ দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ নিয়ে সাংবাদিকতার বিভিন্ন বিষয়ে হাতে-কলমে শেখার সুযোগ পেয়েছি। বিশেষ করে সংবাদ সংগ্রহ, সংবাদ লেখা ও তথ্য যাচাইয়ের বিষয়ে নতুন অভিজ্ঞতা অর্জন করেছি। এ প্রশিক্ষণ ভবিষ্যতে সাংবাদিকতা চর্চায় সহায়ক হবে বলে মনে কনি।” শিক্ষার্থীদের জন্য এমন উদ্যোগ নেওয়ায় রাকসুকে ধন্যবাদ জানান আল মমিন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আফসানা ফিহা বলেন, “সাংবাদিকতা নিয়ে আগ্রহ থাকলেও অনেক বিষয়ে আমার বাস্তব অভিজ্ঞতার অভাব ছিল। এ প্রশিক্ষণের মাধ্যমে সাংবাদিকতার নীতি-নৈতিকতা, বস্তুনিষ্ঠতা ও দায়িত্বশীলতা সম্পর্কে ধারণা পেয়েছি।” প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সত্যনিষ্ঠ সাংবাদিকতা চর্চা করতে চান। ভবিষ্যতেও এ ধরনের প্রশিক্ষণের আয়োজন হবে বলে প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে রাকসুর সহ-সভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আমাদের প্রত্যাশা, এই প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো শিখে বাস্তব জীবনে কাজে লাগাতে পারবে। তারা যেন সংবাদ সংগ্রহ, তথ্য যাচাই, বস্তুনিষ্ঠ সংবাদ লেখা এবং নৈতিক সাংবাদিকতার চর্চা করতে পারে। বিশেষ করে, বর্তমান সময়ে অপতথ্য ও গুজবের বিস্তার রোধে দায়িত্বশীল সাংবাদিকতার কোনো বিকল্প নেই।”

তিনি আরো বলেন, “আমরা চাই, এই প্রশিক্ষণে অংশ নেওয়া শিক্ষার্থীরা শুধু নিজেদের দক্ষ সাংবাদিক হিসেবে গড়ে তুলবে না, বরং সত্য ও ন্যায়ের পক্ষে থেকে মানুষের কথা বলবে। রাকসু শিক্ষার্থীদের সৃজনশীলতা, দক্ষতা ও নেতৃত্ব বিকাশে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখতে চায়। প্রশিক্ষণার্থীরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয় ও সমাজের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখবে—এটাই আমাদের প্রত্যাশা।”

রাকসুর মিডিয়া ও প্রকাশনা সম্পাদক মুজাহিদ ইসলাম বলেন, “রাকসুর উদ্যোগে ২৮ জন নবীন শিক্ষার্থীকে নিয়ে পাঁচ দিনব্যাপী সাংবাদিকতা প্রশিক্ষণের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। শিক্ষার্থীরা যেন সাংবাদিকতার মৌলিক বিষয়গুলো হাতে-কলমে শেখার পাশাপাশি সংবাদ সংগ্রহ, লেখা ও তথ্য যাচাইয়ের দক্ষতা অর্জন করতে পারেন, সেটিই তাদের প্রত্যাশা।”

তিনি আরো বলেন, “বর্তমান সময়ে অপতথ্য ও গুজব প্রতিরোধে দায়িত্বশীল সাংবাদিকতার গুরুত্ব অনেক বেশি। প্রশিক্ষণার্থীরা অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে সত্যনিষ্ঠ ও নৈতিক সাংবাদিকতার চর্চা করবেন বলে আশা করি। শিক্ষার্থীদের দক্ষতা বিকাশে রাকসুর এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।”

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের সাবেক জনসংযোগ দপ্তরের প্রশাসক আখতার হোসেন মজুমদার বলেন, “এখানে যারা নতুন করে সাংবাদিকতা শুরু করেছে, তাদের মধ্যে বিশেষ করে ছাত্রীদের দেখে আমি খুবই উৎসাহিত হয়েছি। আমি যখন সাংবাদিকতায় ছিলাম, তখন যাদের সঙ্গে সময় কাটিয়েছি, তাদের মধ্যে মাত্র একজন ছাত্রীকে দেখেছিলাম। পরে আরো দুজন ছাত্রী নতুন করে শুরু করেছিল। এখন এখানে নতুনদের মধ্যে ছয়জনকে দেখা যাচ্ছে। এটি খুবই উৎসাহব্যঞ্জক। আশা করি, সবাই ভালো করবে। সবার জন্য শুভকামনা রইল।”