মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৬ মাসের শিশুর মৃত্যু

মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৬ মাসের শিশুর মৃত্যু

মাদারগঞ্জে পুকুরের পানিতে ডুবে ১৬ মাসের শিশুর মৃত্যু//প্রতীকী ছবি।

জামালপুরের মাদারগঞ্জে বাড়ির পাশে পুকুরের পানিতে ডুবে রাতুল নামে ১৬ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১১ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের ফাজিলপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাতুল ওই এলাকার মুঞ্জুরুল ইসলামের ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির উঠানে খেলছিল শিশু রাতুল। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে সে বাড়ির পাশের একটি পুকুরের কাছে চলে যায় এবং অসাবধানতাবশত পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর রাতুলকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়িসংলগ্ন পুকুরের পানিতে শিশুটির নিথর দেহ ভাসতে দেখেন স্বজনেরা। পরে দ্রুত তাকে উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগে পরীক্ষা-নিরীক্ষা শেষে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মাত্র ১৬ মাস বয়সী শিশুটির এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. নাহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “পানিতে পড়া শিশুটিকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছিল। হাসপাতালে আনার পর আমরা তাকে মৃত অবস্থায় পাই।”