গুলশান সোসাইটির অফিসে চাঁদা দাবির অভিযোগ, গ্রেপ্তার ৩

গুলশান সোসাইটির অফিসে চাঁদা দাবির অভিযোগ, গ্রেপ্তার ৩

প্রতীকী ছবি

রাজধানীর গুলশান আবাসিক এলাকার গৃহস্থালির বর্জ্য অপসারণের কাজকে কেন্দ্র করে গুলশান সোসাইটি অফিসে অনধিকার প্রবেশ, চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোসাইটির কাছে প্রতি মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. আনোয়ার (৩০), মো. নাজমুল (২৫) ও মো. জিদান মিয়া (১৯)।

গতকাল রবিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপকমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।

তিনি জানান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) কার্যাদেশের ভিত্তিতে গুলশান সোসাইটি আবাসিক এলাকার গৃহস্থালির বর্জ্য অপসারণের কাজ করে আসছে। সম্প্রতি মাহাবুব ও রবিন গ্রুপের পরিচয় দিয়ে কয়েকজন ব্যক্তি সোসাইটির নিয়োগপ্রাপ্ত কর্মীদের হুমকি দিয়ে আসছিলেন।

এর ধারাবাহিকতায় গত ৬ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে কয়েকজন অস্ত্রধারী  গুলশান সোসাইটি অফিসে অনধিকার প্রবেশ করেন। এ সময় তাঁরা অকথ্য ভাষায় গালাগাল ও প্রাণনাশের হুমকি দেন। পাশাপাশি প্রতি মাসে ৫০ লাখ টাকা চাঁদা দাবি করেন।

এদিকে ঢাকা মহানগর পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ৪৫২ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এসব গ্রেপ্তারের ঘটনায় ৩২টি মামলা হয়েছে বলে জানিয়েছে ডিএমপির জনসংযোগ বিভাগ।