ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে সভায় বসছে ইসি

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে সভায় বসছে ইসি

ফাইল ছবি

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সময়সূচি নির্ধারণসহ স্থানীয় সরকার পরিষদের (উপজেলা, পৌরসভা, জেলা ও সিটি কর্পোরেশন) নির্বাচন নিয়ে আলোচনা করতে সভায় বসছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ অক্টোবর) বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সভাপতিত্বে কমিশনের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হবে।

ইসি সূত্রে জানা গেছে, সভায় ইউনিয়ন পরিষদ নির্বাচনের সময়সূচি নির্ধারণ, স্থানীয় সরকার পরিষদের নির্বাচন, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের কর্মকর্তাদের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা অর্পণ নিয়ে আলোচনা হবে। এ ছাড়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) পার্সোনালাইজেশন সেন্টারের যন্ত্রপাতির অবস্থা ও রক্ষণাবেক্ষণ, কার্ড মুদ্রণ, বকেয়া বিল পরিশোধ এবং নতুন চুক্তি সম্পাদনসংক্রান্ত কমিটির কার্যবিবরণী পর্যালোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।

সভায় জাতীয় নির্বাচন পদক নীতিমালা-২০২৫ এর খসড়া অনুমোদনের বিষয়টিও আলোচ্যসূচিতে রয়েছে।

এর আগে ইসি জানিয়েছিল, আগামী জানুয়ারি থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচন শুরু করার পরিকল্পনা রয়েছে কমিশনের।