নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী?

নেটফ্লিক্সে বড় ছাঁটাই, চাকরি হারাতে পারেন ৮০০ কর্মী?

ছবিঃ সংগৃহিত।

জনপ্রিয় স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে বড় ধরনের কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার খবর সামনে এসেছে। প্রতিষ্ঠানটির মোট কর্মীর প্রায় ৫ শতাংশকে ছাঁটাই করা হতে পারে। এ পরিকল্পনা বাস্তবায়িত হলে চাকরি হারাতে পারেন প্রায় ৮০০ কর্মী।

মার্কিন সংবাদমাধ্যম ভ্যারাইটির এক প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সপ্তাহেই এ বিষয়ে ঘোষণা দিতে পারে নেটফ্লিক্স। প্যাক নিউজের বরাতে প্রতিবেদনে জানানো হয়েছে, প্রতিষ্ঠানটি উল্লেখযোগ্য পুনর্গঠনের উদ্যোগ নিচ্ছে।

তবে কোন বিভাগে সবচেয়ে বেশি কর্মী ছাঁটাই করা হতে পারে, তা এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি নেটফ্লিক্সের এক মুখপাত্র।

২০২৫ সালের শেষ নাগাদ নেটফ্লিক্সে পূর্ণকালীন কর্মীর সংখ্যা ছিল প্রায় ১৬ হাজার। এই হিসাব অনুযায়ী, ৫ শতাংশ কর্মী ছাঁটাই করা হলে প্রায় ৮০০ জন চাকরি হারাতে পারেন। কর্মীদের মধ্যে প্রায় ১০ হাজার ৯০০ জন যুক্তরাষ্ট্র ও কানাডায় কর্মরত ছিলেন।

এর আগেও কর্মী ছাঁটাইয়ের পথে হেঁটেছে নেটফ্লিক্স। ২০২২ সালে এক দশকের বেশি সময়ের মধ্যে প্রথমবারের মতো গ্রাহকসংখ্যা কমে যাওয়ার পর প্রতিষ্ঠানটি প্রায় ৪৫০ কর্মীকে ছাঁটাই করে। চলতি বছরও বৈশ্বিক পণ্য উন্নয়ন দলের কয়েক ডজন কর্মীকে ছাঁটাই করা হয়েছে।

তবে কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনার মধ্যেও নেটফ্লিক্সের রাজস্বে প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতিষ্ঠানটির সহপ্রধান নির্বাহী কর্মকর্তা টেড সারানডোস জানিয়েছেন, ২০২৬ সালের দ্বিতীয় প্রান্তিকে বিশ্বের সব ভৌগোলিক অঞ্চলে রাজস্বে দুই অঙ্কের প্রবৃদ্ধি হয়েছে। তা সত্ত্বেও আরও দ্রুত প্রবৃদ্ধি অর্জন করতে চায় প্রতিষ্ঠানটি।

অন্যদিকে, দ্বিতীয় প্রান্তিকে নেটফ্লিক্সের আয় ওয়াল স্ট্রিটের পূর্বাভাসের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ থাকলেও তৃতীয় প্রান্তিকের রাজস্ব নিয়ে প্রতিষ্ঠানটির পূর্বাভাস বিশ্লেষকদের প্রত্যাশার চেয়ে কম ছিল।

আগামী ২০ অক্টোবর তৃতীয় প্রান্তিকের আর্থিক ফল প্রকাশ করার কথা রয়েছে নেটফ্লিক্সের। এর আগে সম্ভাব্য কর্মী ছাঁটাইয়ের খবর প্রতিষ্ঠানটির পুনর্গঠন পরিকল্পনা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।