আমি ইতিহাসের সেরা ফুটবলার, এটাই শেষ কথা: রোনালদো
ফাইল ছবি
সর্বকালের সেরা ফুটবলার কে, এই বিতর্কে নিজের নাম সবসময়ই সগর্বে সবার ওপরে রাখেন ক্রিস্টিয়ানো রোনালদো। সম্প্রতি সিএনএন পর্তুগালকে দেওয়া এক সাক্ষাৎকারে পর্তুগিজ যুবরাজ দাবি করেছেন, মাঠে তিনি যে পারফরম্যান্স উপহার দেন এবং যেভাবে গোল করেন, তার সঠিক মূল্যায়ন বা স্বীকৃতি মানুষ দেয় না।
ক্যারিয়ারের গোধূলিলগ্নে দাঁড়িয়েও রোনালদোর গোলসংখ্যা এককথায় অবিশ্বাস্য। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে পেশাদার ফুটবলে ১ হাজার ৩৩৭ ম্যাচে তার গোলের সংখ্যা এখন ৯৮০টি।
সাক্ষাৎকারে এক হাজার গোলের মাইলফলকে পৌঁছানোর লক্ষ্য নিয়ে রোনালদো বলেন, "সবকিছু স্বাভাবিকভাবেই হওয়া উচিত। আমি যদি ৯২০, ৯২৫ কিংবা ৯৩০ গোলও করি, তবুও ইতিহাসের সেরা খেলোয়াড় আমি, এটাই শেষ কথা। সংখ্যাগুলোই সব কথা বলে দেয়।"
তিনি আরও যোগ করেন, "অবশ্যই এক হাজার গোলের পরিসংখ্যানে পৌঁছানো দারুণ ব্যাপার হবে এবং এটি এমন একটি লক্ষ্য যার জন্য আমি কাজ করছি। তবে আমি দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে ভাবি না।" ভবিষ্যতের অনিশ্চয়তা নিয়ে সিএনএনকে তিনি জানান, "আগামীকাল কী হবে আমি জানি না। হতে পারে একদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার আর খেলার কোনো অনুপ্রেরণা নেই। সত্যিই আমি জানি না ভবিষ্যতে কী অপেক্ষা করছে।"
তবে এই সাক্ষাৎকারের রেশ কাটতে না কাটতেই এক চাঞ্চল্যকর ঘটনা ঘটে, মাত্র কয়েক ঘণ্টা পর সিএনএন পর্তুগাল তাদের ওয়েবসাইট থেকে ক্রিস্টিয়ানো রোনালদোর এই সাক্ষাৎকারটি পুরোপুরি মুছে ফেলে!