টাঙ্গাইলে বাড়ছে ডেঙ্গু রোগী
প্রতিকি ছবি
টাঙ্গাইল জেলায় ডেঙ্গু পরিস্থিতির অবনতি হয়েছে। গত এক সপ্তাহে ডেঙ্গুর প্রকোপ উল্লেখযোগ্যভাবে বেড়ে যাওয়ায় হাসপাতালগুলোতে রোগীর চাপ বাড়ছে। ডেঙ্গু রোগীর জন্য প্রতিটা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পাঁচটি করে বেড প্রস্তুত রাখা হয়েছে।
টাঙ্গাইল সদর জেনারেল হাসপাতালের রোগীর চাপ সামলাতে ডায়রিয়া ওয়ার্ডটিকে বর্তমানে ডেঙ্গু ও হাম রোগীদের ওয়ার্ড হিসেবে ব্যবহার করা হচ্ছে। তবে অতিরিক্ত রোগীর কারণে হাসপাতালের স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যবস্থাপনাতেও চাপ তৈরি হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় টাঙ্গাইল জেলায় নতুন করে ৩৩ জন ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এ ছাড়াও মোট ১২৯ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।
জেলায় ১৫৯৯ জন ডেঙ্গু রোগী সরকারি হাসপাতালে ও বেসরকারি ৩৮৯ জন ডেঙ্গু প্রাদূ্ভাব নিয়ে চিকিৎসা নিচ্ছেন। এপর্যন্ত মারা গেছে ৩ জন।
ডেঙ্গুর পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য বিভাগ ও জেলা প্রশাসনের পক্ষ থেকে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম চালানো হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু চিকিৎসা নয়, নাগরিকদেরও সচেতন হতে হবে। বিশেষ করে শহরের ডোবা, নালা ও পরিত্যক্ত জায়গায় পানি জমে থাকা রোধ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করা জরুরি।
টাঙ্গাইলের সিভিল সার্জন ডা. ফরাজী মুহাম্মদ মাহবুবুল আলম মঞ্জু বলেছেন, ডেঙ্গু রোগের প্রদুরভাব বেড়েই চলেছে। জেলার সকল হাসপাতাল ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতেও গুরুত্বের সাথে ডেঙ্গু রোগীদের চিকিৎসা সেবা দেয়া হচ্ছে।