টঙ্গীবাড়ীতে অবৈধ ড্রেজার ও পাইপলাইন ধ্বংস করল ভ্রাম্যমাণ আদালত
সংগৃহীত ছবি
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অনুমতি ছাড়া ড্রেজার দিয়ে জমি ভরাট ও জমির শ্রেণি পরিবর্তনের অভিযোগে অভিযান চালিয়ে ড্রেজার মেশিন ও পাইপলাইন বিনষ্ট করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১২ অক্টোবর) বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কে-শিমুলিয়া ইউনিয়নের রহিমগঞ্জ বাজারসংলগ্ন ধামারন ব্রিজ ও আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন টঙ্গীবাড়ীর সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজোয়ানা চৌধুরী।
উপজেলা প্রশাসন জানায়, অবৈধভাবে ড্রেজার দিয়ে জমি ভরাটের খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। তবে এ কাজের সঙ্গে জড়িত কাউকে সেখানে পাওয়া যায়নি। পরে ঘটনাস্থলে থাকা ড্রেজার মেশিন ও পাইপলাইন তাৎক্ষণিকভাবে বিনষ্ট করে অপসারণ করা হয়।