ভারতে আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা

ভারতে আন্দোলনের পথ দেখিয়েছে বাংলাদেশ: নেহা বোরা

ছবিঃ সংগৃহিত।

ভারতজুড়ে ছড়িয়ে পড়া ‘জেন জি’ আন্দোলন মূলত বাংলাদেশ থেকেই অনুপ্রেরণা পেয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির ছাত্রনেত্রী নেহা বোরা।

নেহা বলেন, মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদকারী তরুণেরা বাংলাদেশের ছাত্রনেতৃত্বাধীন আন্দোলন থেকে দিশা পেয়েছেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) মধ্যরাতে সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টের ফেসবুক পেজে দলটির ষষ্ঠ জাতীয় সম্মেলন উপলক্ষে প্রকাশিত এক সংহতি বার্তায় নেহা বোরা এ কথা বলেন।

নেহা বোরা বলেন, ‘আমরা জানি, এই দেশে (ভারতে) সর্বত্র আমরা যে জেন জি আন্দোলন দেখছি, তার সূত্রপাত হয়েছিল বাংলাদেশে।’

বাংলাদেশের তরুণদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনারা আপনাদের দেশে ধর্মীয় মৌলবাদের বিরুদ্ধে যে লড়াই করেন, সেই একই লড়াই আজ এই দেশের জেন জি ও তরুণ প্রজন্মও করছে।’

ভারতের বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতির সঙ্গে তুলনা টেনে বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে ক্রমবর্ধমান হুমকি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন বোরা। ভারতে শিক্ষাব্যবস্থার গেরুয়াকরণের বিরুদ্ধে কথা বলার পাশাপাশি তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশেও সমালোচনামূলক চিন্তাভাবনাকে স্তব্ধ করে দেওয়া হচ্ছে।

বাংলাদেশি শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে তিনি অঞ্চলজুড়ে তরুণদের মধ্যে বৃহত্তর সহযোগিতা গড়ে তোলার আহ্বান জানান। একই সঙ্গে উন্নততর দক্ষিণ এশিয়া গড়তে সম্মিলিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।

অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সর্বভারতীয় সভাপতি নেহা বোরা সোশ্যালিস্ট স্টুডেন্ট ফ্রন্টকে শুভেচ্ছা জানিয়েছেন। মোদি সরকারের বিরুদ্ধে লড়াইরত ভারতের তরুণদের পথ দেখানোর জন্য তিনি বাংলাদেশের শিক্ষার্থীদেরও অভিনন্দন জানান।

ভারতের জেন জি প্রজন্মের নেতৃত্বাধীন প্রতিবাদ আন্দোলনের অন্যতম পরিচিত মুখ হয়ে উঠেছেন নেহা বোরা। বিক্ষোভ চলাকালে পুলিশের সঙ্গে তার সংঘর্ষের একটি ভিডিও ভাইরাল হওয়ার পর তিনি দেশজুড়ে আলোচনায় আসেন।

নাট্যশিল্পী ও সমাজকর্মী বোরা মোদি সরকারের বিরুদ্ধে প্রতিবাদে সক্রিয় রয়েছেন। তার কর্মকাণ্ডে নির্বাচনী সংস্কার, শিক্ষার স্বাধীনতা এবং ভিন্নমতের প্রতি আচরণ নিয়ে শিক্ষার্থীদের ক্রমবর্ধমান ক্ষোভের প্রতিফলন ঘটেছে।