সিলেট রেলস্টেশন ও কলেজের পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

সিলেট রেলস্টেশন ও কলেজের পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

সিলেটে রেলওয়ে স্টেশন ও কলেজের পাশ থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। রবিবার পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করেছে।

পুলিশ জানায়, রবিবার দুপুর দেড়টার দিকে জৈন্তাপুরের তৈয়ব আলী ডিগ্রি কলেজ সংলগ্ন এলাকা থেকে নজরুল ইসলাম নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তিনি কিশোরগঞ্জ জেলার ইটনা থানার রাজিবপুর এলাকার বাসিন্দা।

মরদেহের পাশে স্যান্ডেলভর্তি একটি ঝুঁড়ি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তি ফেরি করে স্যান্ডেল বিক্রি করতেন।

জৈন্তাপুর থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, ধারণা করা হচ্ছে ওই ব্যক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন।

এদিকে, বেলা ১১টার দিকে দক্ষিণ সুরমা থানাপুলিশ সিলেট রেলওয়ে স্টেশন এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করে।

ওই যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর হবে বলে জানিয়েছে পুলিশ।

দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফ উজ্জামান জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। মরদেহের পরিচয় শনাক্তে চেষ্টা চলছে বলে জানান ওসি।