লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২

লক্ষ্মীপুরে মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যা, আটক ২

প্রতিকি ছবি

লক্ষ্মীপুরে মাটির ব্যবসা নিয়ে বিরোধের জেরে খোরশেদ আলম (৫০) নামে এক মাটি ব্যবসায়ীকে গুলি করে হত্যার ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ। বুধবার (২৮ অক্টোবর) দুপুরে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের বক্স আলী ভূঁইয়া বাড়ির মৃত সৈয়দ আহম্মদ ভূঁইয়ার ছেলে ইব্রাহিম ছুট্টু এবং বাঙ্গাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের তোফায়েল আহমেদের ছেলে মাসুদ রানা।

বুধবার রাত সোয়া ৭টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, দুপুরে পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর এলাকায় খোরশেদকে গুলি করে হত্যা করা হয়। একই এলাকার ওয়ালিদের নেতৃত্বে মান্না, ইব্রাহিম ছুট্টু, কামরুল, বাচ্চু, হিরুসহ জহির ও আরও ৫-৬ জন সংঘবদ্ধ হয়ে এলোপাতাড়ি গুলি চালায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার পর পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছুট্টু ও মাসুদকে আটক করে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

নিহত খোরশেদ আলম পার্বতীনগর ইউনিয়নের দিলশাদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি পেশায় মাটি ব্যবসায়ী ছিলেন। তাঁর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

খোরশেদের স্ত্রী আকলিমা আক্তার ও মেয়ে প্রেমা আক্তার জানান, খোরশেদ মাটির ব্যবসা করতেন। বুধবার দুপুরে দুজন লোক তাঁকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। পরে গুলির শব্দ শুনে তাঁরা ঘটনাস্থলের দিকে ছুটে গিয়ে একজনকে খোরশেদকে গুলি করতে দেখেন বলে দাবি করেন।

পরিবারের সদস্যদের অভিযোগ, মাটির ব্যবসা নিয়ে ওয়ালিদ এর আগেও খোরশেদকে বিভিন্নভাবে হুমকি-ধমকি দিয়েছিলেন। মোরশেদ ও মজিদ নামে দুজন তাকে ডেকে নিয়ে গেছেন বলেও অভিযোগ করেন তাঁরা।