দৃষ্টিপ্রতিবন্ধীদের উন্নয়নে বার্ডোর কাজ অসাধারণ: সমাজকল্যাণমন্ত্রী
ছবি: সংগৃহীত
সমাজকল্যাণ এবং নারী ও শিশুবিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন বলেছেন, সমাজের সর্বস্তরের মানুষকে নিয়েই একটি দেশ এগিয়ে যায়। দৃষ্টিপ্রতিবন্ধীসহ সব ধরনের প্রতিবন্ধী ব্যক্তির উন্নয়নে সরকার কাজ করছে। পাশাপাশি বেসরকারি পর্যায়ে দৃষ্টিপ্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে ব্লাইন্ড এডুকেশন অ্যান্ড রিহেবিলিটেশন ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বার্ডো) অসাধারণ ভূমিকা রাখছে।
বুধবার সন্ধ্যায় রাজধানীর মিরপুরে বার্ডোর কার্যালয়ে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, বার্ডোর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মো. সাইদুল হক রাজধানীসহ দেশের ১৭টি জেলায় দৃষ্টিপ্রতিবন্ধী ও সুবিধাবঞ্চিত মানুষের উন্নয়নে কাজ করছেন। তাঁর মতো একজন মেধাবী ও দক্ষ মানুষকে দেখলে বোঝা যায়, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিরাও কতটা সক্ষম হতে পারেন। মানবসেবায় অবদানের স্বীকৃতিস্বরূপ সাইদুল হক রাষ্ট্রের সর্বোচ্চ সম্মাননা একুশে পদক ও স্বাধীনতা পদক পেয়েছেন।
বার্ডোর ছয়তলা ভবন পরিদর্শনের অভিজ্ঞতা তুলে ধরে মন্ত্রী বলেন, প্রতিষ্ঠানটির কার্যক্রম দেখে তিনি গর্বিত। রাষ্ট্রের দুটি সর্বোচ্চ পদকপ্রাপ্ত সাইদুল হকের গড়া প্রতিষ্ঠানে আসতে পারাকে তিনি তাঁর রাজনৈতিক জীবনের অন্যতম বড় প্রাপ্তি হিসেবে উল্লেখ করেন।
বার্ডোর পক্ষ থেকে উত্থাপিত দাবিগুলো পূরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়ে মন্ত্রী বলেন, দাবিগুলো বাস্তবায়নে যা যা করণীয়, সরকার তা করবে। রাষ্ট্র ও সরকার সব সময় সাইদুল হকের মহৎ উদ্যোগের পাশে থাকবে। তিনি শুধু বার্ডোর প্রতিষ্ঠাতা নন, পুরো জাতির অহংকার ও সবার জন্য অনুপ্রেরণার উৎস।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বার্ডোর সভাপতি অ্যাডভোকেট মোশাররফ হোসেন মজুমদার। বক্তব্য দেন সমাজসেবা অধিদপ্তরের পরিচালক (প্রোগ্রাম) মোস্তফা মোস্তাকুর রহিম খান, জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব মো. কামরুজ্জামান, সাইটসেভার্স বাংলাদেশের নির্বাহী পরিচালক অমৃতা রেজিনা রোজারিও, সমাজসেবক শাহনা আউয়াল ও মাসুদ আলম, কবি ও লেখক নাঈমা আক্তার, বার্ডোর সহসভাপতি জাহাঙ্গীর আলম, শিক্ষক শের আলী, ইউএনডিপির অসীম ডিও এবং বার্ডোর হোসনে আরা বেগম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন এরশাদ আলী ও ফিরোজা খাতুন। অনুষ্ঠান পরিচালনা করেন বার্ডোর নির্বাহী পরিচালক মো. সাইদুল হক।