গোপালগঞ্জে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ পালিত
সংগৃহীত
গোপালগঞ্জজেলায় ‘হাত ধোয়ার নায়ক হোন’ শীর্ষক প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বিশ্ব হাত ধোয়া দিবস’ পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. ফয়েজ আহমেদের সভাপতিত্বে এ আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গোপালগঞ্জের জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান।
এ সময় গোপালগঞ্জ পরিষদের প্রশাসক শরীফ রফিক উজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক এস এম তারেক সুলতান, জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রুহুল আমীন, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোসা. জোসনা বেগম, এনডিসি নাজমুল হক স্বপন, সদর উপজেলা জনস্বাস্থ্য কর্মকর্তা রতন কুমার সাহা প্রমুখ সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় সঠিক পদ্ধতিতে হাত ধোয়ার কৌশল শেখানো হয়। পাশাপাশি খাবার গ্রহণের আগে ও দৈনন্দিন বিভিন্ন কাজের পর সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার গুরুত্ব তুলে ধরে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
আলোচনা সভা শেষে জেলা সদরের তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সাবানের প্যাকেট বিতরণ করা হয়।