বরিশালে মেঘনা নদীতে গুলিতে জেলে নিহত
প্রতিকি ছবি
বরিশালে মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকারে যাওয়া এক জেলে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন। এছাড়াও আরো একজন গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন।
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ভোর রাতে হিজলা উপজেলায় ওরাকুল এলাকায় মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।
নিহত জেলে হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের চর মেমানিয়া গ্রামের বাসিন্দা সুলতান হাওলাদারের ছেলে আকতার হাওলাদার (৪০)। নিহতের স্বজনেরা দাবি করেছেন, চাঁদপুর সদর নৌ-পুলিশ ও মৎস্য কর্মকর্তারা এ অভিযান পরিচালনা করেছে। তবে চাঁদপুর সদর নৌ-পুলিশর ওসি আজমগীর হোসেন তা অস্বীকার করেছেন।
মেমানিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা আফসার উদ্দিন জানান, নিহত আকতারসহ ছয় থেকে সাত জন জেলে নিষেধাজ্ঞা উঠে গেছে বুঝে মেঘনা নদীতে মাছ শিকারে যায়। এ সময় গুলিতে নৌকায় থাকা আকতারসহ দুজন গুলিবিদ্ধ হন। এরমধ্যে গুরুতর আহত আকতার বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার পথেই মারা গেছেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে হিজলা থানার পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
হিজলা উপজেলা যুবদলের সদস্য হযরত আলী বলেন, সকাল ৬টার দিকে এক নৌকার মাঝি ফোন করে জানান, চাঁদপুর নৌ-পুলিশ দুইটি স্পিডবোট নিয়ে এসে আকতার হাওলাদার ও আব্দুল হককে গুলি করেছে। খবর পেয়ে তাদের উদ্ধার করে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা গেছেন। পরে হিজলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর হিজলা থানা ও নৌ-পুলিশের ওসি এসে লাশ পোস্টমর্টেম করতে পাঠিয়েছে।
হিজলা থানার ওসি মো. সোলায়মান বলেন, ‘হিজলা নৌ-পুলিশ জিডিমূলে লাশের ময়নাতদন্ত করার জন্য পাঠিয়েছে। নিহত জেলের ঘাড়ে ও বুকে গুলির দাগ রয়েছে। প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটা ছররা গুলি ছিল। বিষয়টি তদন্ত করা হচ্ছে।’
হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক ইয়াসিনুল হক বলেন, গত রাতে তাদের কোনো দল অভিযান পরিচালনা করেনি। একইভাবে হিজলা উপজেলার জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা কেএম মাহফুজুর রহমান বলেন, ‘আমাদের স্পিডবোট হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে আমরা ট্রলার নিয়ে অভিযান করছি। কিন্তু যেখানের গুলির ঘটনা ঘটেছে, সেখানে অভিযানে যাননি তারা।’
চাঁদপুর সদর নৌ-পুলিশের ওসি আজমগীর হোসেন বলেন, ‘আমরা কোনো অভিযানে যাইনি।’