এইচএসসি পরীক্ষায় ফেল, একই এলাকার দুই শিক্ষার্থীর আত্মহত্যা
ছবি সংগৃহীত।
মাগুরায় ২০২৬ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশের পর পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।
নিহত বাপ্পী বিশ্বাস (১৯) সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের আমুড়িয়া গ্রামের দক্ষিণপাড়ার শফিকুল বিশ্বাসের ছেলে। তিনি এ বছর শালিখা উপজেলার বুনাগাতী ডিগ্রি কলেজের বিজ্ঞান বিভাগ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর শনিবার দুপুরে নিজ বাড়িতে তার মৃত্যু হয় বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
অন্যদিকে, অনন্যা শিকদার (১৮) একই ইউনিয়নের নতুনগ্রাম এলাকার মৃত অনিল শিকদারের মেয়ে। তিনি কুচিয়ামোড়া সৈয়দ আতর আলী স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে এ বছর এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন। পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর তারও মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
একই ইউনিয়নে পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যুর খবরে পরিবার, স্বজন, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে শোকের পরিবেশ তৈরি হয়েছে।
এ বিষয়ে মাগুরা সদর থানা ওসি ফারুক আহমেদ বলেন, তারা দুই শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছেন। স্বজনেরা থানায় অভিযোগ দায়ের করতে এসেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।