যমুনার বুকে নৌকায় জন্ম, নবজাতকের নাম রাখা হলো ‘নদী’

যমুনার বুকে নৌকায় জন্ম, নবজাতকের নাম রাখা হলো ‘নদী’

সংগৃহীত ছবি

গাইবান্ধার চরাঞ্চলের প্রসূতি নারীদের জীবনযুদ্ধের প্রতিকৃতি হয়ে মাঝ যমুনায় জন্ম নিয়েছে ‘নদী’ নামের এক কন্যা। বিলম্বে পাওয়া এই খবরটি রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনার জন্ম হয়।

শনিবার (৩১ অক্টোবর) বিকেলে ফুলছড়ি উপজেলার ফুলছড়ি ইউনিয়নের চরাঞ্চল থেকে সদর হাসপাতালে নেওয়ার জন্য ঘাটে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। বর্তমানে মা ও নবজাতক দুজনই সুস্থ আছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে ফুলছড়ি চরাঞ্চলে মাঠপর্যায়ের কাজ শেষে নৌকায় ফিরছিলেন একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কয়েকজন কর্মী। এসময় প্রসববেদনায় অসুস্থ এক নারীকে হাসপাতালে নেওয়ার জন্য স্বজনরা তাদের নৌকায় তুলে দেওয়ার অনুরোধ জানান।

পরিস্থিতির গুরুত্ব বুঝে ওই  কর্মীরা দ্রুত নারীকে স্বজনসহ নৌকায় তুলে নেন।

এর আগে দুর্গম চরাঞ্চল থেকে বালু চরে প্রসূতিকে প্রথমে হেঁটে এবং পরে মাচায় করে নৌঘাটে নিয়ে আসেন স্বজনরা। নৌকায় ওঠার কিছুক্ষণের মধ্যেই তাঁর প্রসববেদনা বেড়ে যায়। এ অবস্থায় নৌকায় থাকা নারীকর্মী ও স্বজনরা কাপড় দিয়ে চারপাশ আড়াল করে প্রসবের ব্যবস্থা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রসব বেদনায় ছটফট করছিলেন প্রসূতি মা। মাঝি দ্রুত নৌকা নিয়ে ঘাটের দিকে রওনা হন। প্রায় ৪০ মিনিটের নৌযাত্রার মধ্যেই জন্ম নেয় কন্যাশিশুটি। নদীর বুকে নৌকায় নতুন অতিথির আগমনে উৎকণ্ঠার বদলে স্বস্তি ও আনন্দ ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে। পরে যমুনার বুকে জন্ম নেওয়া শিশুটির নাম তাৎক্ষণিকভাবে যাত্রীরা রাখেন ‘নদী’।

বেসরকারি ওই সংগঠন গণউন্নয়ন কেন্দ্রের কর্মকর্তা রোকনউদ দৌলা জানান, চরাঞ্চলে প্রসূতি সেবা ও সন্তান জন্মদানের কোনো ব্যবস্থা নেই। অথচ গাইবান্ধার ১৫৮টি চরে বাস করেন লাখ লাখ মানুষ। মাঝে মধ্যেই প্রসূতি মা ও গুরুতর অসুস্থ মানুষদের প্রতিকূল পরিবেশে পড়তে হয়। এ ক্ষেত্রেও তাই ঘটেছে। দুর্গম যোগাযোগব্যবস্থার কারণে প্রসূতিকে হাসপাতালে নেওয়ার আগেই নৌকায় তিনি সন্তান জন্ম দেন। ভাগ্যক্রমে গণ উন্নয়ন কেন্দ্রের কর্মীদের সহায়তা পান প্রসূতি মা। তাৎক্ষণিকভাবে নৌকায় আসার সুযোগ ও তাদের সহযোগিতায় নিরাপদে শিশুটির জন্ম হয়। নদী পেরিয়ে পরে স্থানীয় হাসপাতালে সেবা পান তিনি। মা ও সন্তান সুস্থ আছে।