কুড়িগ্রামে মৌমাছির কামড়ে বৃদ্ধের মৃত্যু, হাসপাতালে বৃদ্ধা
ফাইল ছবি
কুড়িগ্রামের রৌমারীতে মৌমাছির কামড়ে খলিলউল্লাহ (৬৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মর্জিনা খাতুন নামে এক বৃদ্ধা গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। শনিবার (১ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার শৌলমারী ইউনিয়নের নতুন শৌলমারী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত খলিলউল্লাহ ওই গ্রামের জামাতউল্লাহর ছেলে।
নিহতের স্বজনরা জানান, সকালে বাড়ির পাশের জমিতে কাজ করছিলেন খলিলউল্লাহ। এ সময় পাশের একটি গাছে থাকা মৌমাছির চাকে একটি বাজপাখি আক্রমণ করে।
এতে মৌমাছির দল ক্ষিপ্ত হয়ে খলিলউল্লাহ ও পাশের বাড়িতে থাকা মর্জিনা খাতুনকে আক্রমণ করে।
তাদের চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এসে দুজনকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে খলিলউল্লাহর শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তবে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
আহত মর্জিনা খাতুন রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।
রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. নবীউল ইসলাম জানান, মৌমাছির হুলের বিষে অ্যানাফাইল্যাকটিক রিঅ্যাকশন (তীব্র অ্যালার্জিজনিত প্রতিক্রিয়া) হতে পারে। এ ধরনের প্রতিক্রিয়ায় রোগীর মৃত্যু ঘটতে পারে।