ফাজিল-কামিল মাদ্রাসার পরিচালনা কমিটি বাতিলের সিদ্ধান্ত স্থগিত
ফাইল ছবি
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীন ফাজিল ও কামিল মাদ্রাসাগুলোর গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিলের সিদ্ধান্তের কার্যকারিতা স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।
সোমবার (২ নভেম্বর) একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি শিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। সংশ্লিষ্ট বিবাদীদের রুলের জবাব দিতে বলা হয়েছে। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী পারভেজ হোসেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গত ১৯ অক্টোবর এক অফিস আদেশে অধিভুক্ত ফাজিল ও কামিল মাদ্রাসার গভর্নিং বডি ও অ্যাডহক কমিটি বাতিল করে। এতে বলা হয়, গত ১৫ অক্টোবর অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম সিন্ডিকেট সভার সিদ্ধান্তের আলোকে এসব কমিটি বাতিল করা হয়েছে।