মাদকের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

মাদকের মামলায় ট্রাকচালক ও হেলপারের যাবজ্জীবন

সংগৃহীত ছবি

সিরাজগঞ্জে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫৩০ বোতল ফেনসিডিল পাচারের মামলায় ট্রাকচালক ও হেলপারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত দায়রা জজ-২-এর আদালতের বিচারক আবু খান শাহীন কনক এই কারাদণ্ড প্রদান করেন। এ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মো. আনিছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রায় ঘোষার সময় আসামিরা উপস্থিত ছিলেন।’

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন—নাটোর জেলার বাগাতিপাড়া থানার কাঁকাকা নতুনপাড়ার আতোয়ার হোসেনের ছেলে মো. রাসেল মিয়া (৩২) ও একই এলাকার মো. সিরাজ সরকারের ছেলে মো. আনোয়ার হোসেন (৩০)। 

মামলা সূত্রে জানা যায়, ২০১৩ সালের ২৪ এপ্রিল রাতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার এএসআই মো. জিয়াউর রহমানের নেতৃত্বে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোল চত্বর এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক আটক করে। ট্রাকটিতে তল্লাশি চালিয়ে আমদানি নিষিদ্ধ ভারতীয় ৫৩০ বোতল ফেনসিডিলসহ ট্রাকচালক ও হেলপারকে আটক করা হয়।

পরবর্তীতে বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় এ এসআই মো. জিয়াউর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। এই মামলায় দীর্ঘ স্বাক্ষ্য প্রমান শেষে আজ আদালত আসামিদের এই রায় প্রদান করেন।