নেচে-গেয়ে শাহরুখের জন্মদিন উদ্যাপন বাংলাদেশি ভক্তদের
ফাইল ছবি
বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন মানেই বিশ্বজুড়ে ভক্তদের নানা আয়োজন। প্রতিবছরের মতো এবারও প্রিয় তারকার ৬১তম জন্মদিন ঘিরে উচ্ছ্বাসে মেতেছিলেন বাংলাদেশি ভক্তরা।
কেক কাটা, নাচ-গান আর ‘কিং’ সিনেমার টিজার প্রদর্শনীর মধ্য দিয়ে দিনটি উদ্যাপন করেন তারা।
‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’-এর উদ্যোগে কেরানীগঞ্জের লায়ন সিনেমাসে আয়োজন করা হয় শাহরুখের জন্মদিন উদ্যাপনের। গত ২ নভেম্বর (সোমবার) সিনেমা হলটির একটি পর্দা ভাড়া নিয়ে সেখানে প্রিয় তারকার জন্মদিন উদ্যাপনে অংশ নেন ভক্তরা। ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন জেলা থেকে অনুষ্ঠানে যোগ দেন তারা।
জানা গেছে, ২ নভেম্বর (সোমবার) সন্ধ্যায় কেক কেটে শাহরুখ খানের ৬১তম জন্মদিন উদ্যাপন করেন ভক্তরা। এরপর তার আসন্ন সিনেমা ‘কিং’-এর গান ও টিজার ঘিরে শুরু হয় নাচ-গান আর উচ্ছ্বাস। সিনেমাটিতে শাহরুখের নতুন লুকের অনুকরণে মুখে গোলাপ গুঁজে ছবিও তোলেন অনেকে।
ফ্যান ক্লাবটির পক্ষ থেকে ফাহিম আজিজ কালের কণ্ঠকে জানান, গত ১১ বছর ধরে তারা শাহরুখের জন্মদিন উদ্যাপন করে আসছেন।
এবারও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন তারা। জন্মদিনের আয়োজনের অংশ হিসেবে বড় পর্দায় দেখানো হয় ‘কিং’-এর টিজার ও গান।
শুধু আনন্দ-উদ্যাপনেই সীমাবদ্ধ থাকেননি শাহরুখভক্তরা। প্রিয় তারকার জন্মদিন উপলক্ষে গত চার বছর ধরে পথশিশু ও দুস্থদের একবেলা খাবার দিয়ে আসছে ফ্যান ক্লাবটি। এবারও তার ব্যতিক্রম হয়নি।
রাজধানীর বিভিন্ন এলাকায় পথশিশু ও দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন ফ্যান ক্লাবটির সদস্যরা।
এর আগে শাহরুখের ‘পাঠান’ ও ‘জওয়ান’ সাফটা চুক্তির আওতায় বাংলাদেশে মুক্তি পেয়েছিল। দুটি সিনেমার প্রিমিয়ারও জমকালো আয়োজনে করেছিল ‘এসআরকে ইউনিভার্স বাংলাদেশ’। তবে শাহরুখের আসন্ন সিনেমা ‘কিং’ বাংলাদেশে মুক্তি পাবে কি না, তা এখনো নিশ্চিত নয়।
ফ্যান ক্লাবটির পক্ষ থেকে জানানো হয়েছে, সিনেমাটি দেশে মুক্তি পেলে এবারও প্রিমিয়ার আয়োজনের পরিকল্পনা রয়েছে তাদের।