পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জন্য এল ৬২ হাজার টন কয়লা
সংগৃহীত
৬২ হাজার ১০০ মেট্রিকটন কয়লা নিয়ে পটুয়াখালীর পায়রা বন্দরের বহির্নোঙরে ভিড়েছে সাড়ে ১৩ মিটার গভীরতার ‘এমভি এমবিএস তাইসি’ নামের একটি মাদার ভ্যাসেল।
মঙ্গলবার (৩ নভেম্বর) রাত ৮টার দিকে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটি বন্দরের বহির্নোঙরে পৌঁছে নোঙর করে। জাহাজটিতে থাকা কয়লা পায়রা ১ হাজার ৩২০ মেগাওয়াট তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে ব্যবহৃত হবে।
গভীর সমুদ্রে বন্দরের বহির্নোঙরটি উপকূল থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। ১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের জাহাজটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে ছেড়ে আসে।
পায়রা বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান বলেন, “মঙ্গলবার রাতে মাদার ভ্যাসেলটি নির্বিঘ্নে বন্দরের বহির্নোঙরে এসে নোঙর করে। বুধবার (৪ নভেম্বর) থেকেই পণ্য খালাসের কার্যক্রম শুরু হবে। অর্ধেকের বেশি পণ্য খালাসের পর জাহাজটি টার্মিনালে এসে বাকি পণ্য খালাস করবে। এখন থেকে একের পর এক জাহাজ আসতে থাকবে এবং বন্দর দেশের অর্থনীতির উন্নয়নে ভূমিকা রাখবে।”