শূন্য পাশের ২৯৩ শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে শিক্ষা বোর্ড
ফাইল ছবি
চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষায় দেশের ২৯৩টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। এসব প্রতিষ্ঠানের ফল বিপর্যয়ের কারণ জানতে প্রতিষ্ঠানপ্রধানদের তলব করেছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। পাশাপাশি প্রতিষ্ঠানগুলোর গত পাঁচ বছরের শিক্ষার্থী সংখ্যা, পাসের হার, শিক্ষকসংখ্যা ও শিক্ষা কার্যক্রমের তথ্য চাওয়া হয়েছে।
এসব তথ্য পর্যালোচনা করে এক সপ্তাহের মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিতে শিক্ষা মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হবে। ইতোমধ্যে ঢাকা শিক্ষা বোর্ডের অধীন শূন্য পাস করা ২৫টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। অন্য শিক্ষা বোর্ডগুলোকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হচ্ছে।
শিক্ষা প্রশাসন জানিয়েছে, বারবার শূন্য পাসের ঘটনা ঘটলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পাঠদানের স্বীকৃতি বাতিল এবং এমপিও বন্ধের মতো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। তবে অপরিকল্পিতভাবে গড়ে ওঠা প্রতিষ্ঠানগুলো সরাসরি বন্ধ না করে কাছাকাছি অবস্থিত অন্য প্রতিষ্ঠানের সঙ্গে একীভূত বা পুনর্বিন্যাসের পরিকল্পনাও রয়েছে। এতে শিক্ষকদের চাকরি বহাল থাকবে।
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আখতারুজ্জামান জানান, শূন্য পাস করা প্রতিষ্ঠানগুলোর প্রধানদের ডেকে ফল বিপর্যয়ের কারণ জানতে চাওয়া হবে। তাদের বক্তব্য ও সরবরাহ করা তথ্য পর্যালোচনা করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।