শ্রীনগরে পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

শ্রীনগরে পুকুর থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার

প্রতিকি ছবি

মুন্সীগঞ্জের শ্রীনগরে পুকুর থেকে হৃদয় হোসেন (২৫) নামে এক যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার মধ্য কামারগাঁও এলাকার ঋষিবাড়ি শ্মশানের পাশে মনাই মৃধার পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

নিহত হৃদয় হোসেন টঙ্গিবাড়ী উপজেলার নগরজোয়ার গ্রামের বাসিন্দা। তিনি ওই গ্রামের মৃত কামাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয়ের চাচাতো ভাই পিয়াস (৩০) শ্রীনগর উপজেলার বালাশুর বৌবাজার এলাকায় বসবাস করেন। তাঁর কাছে হৃদয়ের নিয়মিত যাতায়াত ছিল। তিন-চার দিন আগে হৃদয় সেখানে বেড়াতে আসেন। বুধবার সকালে মধ্য কামারগাঁও এলাকার ঋষিবাড়ি শ্মশানের পাশে মনাই মৃধার পুকুরে এক যুবকের ভাসমান মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে তাঁরা পুলিশকে খবর দিলে শ্রীনগর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।

পুলিশ পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের সঙ্গে থাকা মানিব্যাগে পাওয়া চারিত্রিক সনদের সূত্র ধরে তাঁর পরিচয় শনাক্ত করেন। পরে নিহতের বাড়ি টঙ্গিবাড়ী উপজেলায় হওয়ায় বিষয়টি টঙ্গিবাড়ী থানা পুলিশকে অবহিত করা হয়। নিহতের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, হৃদয় সাঁতার জানতেন না।

এ বিষয়ে পুলিশের পরিদর্শক (তদন্ত) মিল্টন দত্ত জানান, নিহতের সুরতহাল প্রতিবেদন তৈরির প্রস্তুতি চলছে। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।