শাওমি ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর! হাইপারওএস ৪ আপডেট আসছে

শাওমি ফোন ব্যবহারকারীদের জন্য সুখবর! হাইপারওএস ৪ আপডেট আসছে

ছবি: সংগৃহীত

শাওমি তাদের জনপ্রিয় বিভিন্ন ডিভাইসের জন্য নতুন হাইপারওএস ৪ (HyperOS 4) সফটওয়্যার আপডেট নিয়ে আসার ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আর এই আপডেট প্রথম পর্যায়ে পেতে চলেছে পোকো এফ৮ প্রোগামী ডিভাইসটি। 

কোম্পানির প্রকাশিত অফিসিয়াল রোলআউট সূচি অনুযায়ী, ২০২৬ সালের অগাস্টের শুরু থেকেই এই স্মার্টফোনে নতুন আপডেট পৌঁছানো শুরু হবে। অর্থাৎ, শাওমির নতুন সফটওয়্যার অভিজ্ঞতা পাওয়ার ক্ষেত্রে ব্র্যান্ডের প্রথম সারির ডিভাইসগুলোর মধ্যে এটি অন্যতম। তবে নির্দিষ্ট কোন তারিখে এই আপডেট পৌঁছাবে, সে বিষয়ে সংস্থার পক্ষ থেকে এখনো নির্দিষ্ট কোনো দিনক্ষণ ঘোষণা করা হয়নি। অঞ্চল, নেটওয়ার্ক পরিষেবা প্রদানকারী, ফোনের মডেল এবং সফটওয়্যার তৈরির অগ্রগতির ওপর নির্ভর করে আপডেট পৌঁছনোর সময় সামান্য বদলাতে পারে।

নতুন এই অপারেটিং সিস্টেমে শুধু ফোনের ডিজাইন বা ইন্টারফেসেই পরিবর্তন আসছে না, বরং উল্লেখযোগ্যভাবে উন্নত করা হচ্ছে সিস্টেমের সামগ্রিক পারফরম্যান্স এবং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ফিচার। নতুন আপডেটে 'সফট লাইট গ্লাস' (Soft Light Glass) নামে একটি বিশেষ ডিজাইন নিয়ে আসছে শাওমি। এর ফলে ফোনের ইন্টারফেসে স্বচ্ছতা, আলোর প্রভাব, টেক্সচার এবং ভিজ্যুয়াল ডেপথে চমৎকার পরিবর্তন দেখা যাবে। পাশাপাশি লকস্ক্রিনে ঘড়ির বিভিন্ন স্টাইল ব্যবহারের সুবিধা, একসঙ্গে সাজানো নোটিফিকেশন, হোমস্ক্রিনের ফোল্ডারের আকার পরিবর্তন এবং সমর্থিত ডিভাইসে একাধিক উইজেট একসঙ্গে রাখার দারুণ সুযোগ থাকছে।

দৈনন্দিন ব্যবহারে ফোনের পারফরম্যান্স আরও মসৃণ করতে একাধিক আধুনিক প্রযুক্তি যুক্ত করেছে শাওমি। এর মধ্যে রয়েছে প্রিসিশন ওয়ার্কলোড শিডিউলিং, এআই-নির্ভর মেমোরি প্রিলোডিং এবং নতুন অ্যাপ্লিকেশন রানটাইম এনভায়রনমেন্ট। শাওমির ইন্টারনাল ল্যাবসের পরীক্ষায় এর সুফল স্পষ্ট দেখা গিয়েছে।

 শাওমির দাবি, একটানা নয় ঘণ্টা ব্যবহারের পর ৩০টি অ্যাপ খুলতে আগের সংস্করণে যেখানে বেশ কিছুটা বেশি সময় লাগত, নতুন সংস্করণে তা উল্লেখযোগ্যভাবে কমে এসেছে এ ছাড়া ক্যামেরা দ্রুত চালু হওয়া, ছবি তোলার গতি বৃদ্ধি এবং ভিডিও দেখার সময় কিংবা স্ক্রল করার ক্ষেত্রে ফ্রেম ড্রপ হওয়ার সমস্যাও অনেকটাই কমে যাবে।

নতুন এআই টুলস এবং প্রাইভেসি ফিচারের ওপরও বিশেষ জোর দিয়েছে শাওমি। হাইপারওএস ৪-এ একাধিক নতুন এআই ফিচার যুক্ত হচ্ছে যার মধ্যে অন্যতম হলো এআই ভয়েস নোটস। এই ফিচারের সাহায্যে ভয়েস নোট থেকে স্বয়ংক্রিয়ভাবে প্রয়োজনীয় কাজের তালিকা তৈরি করা সম্ভব হবে। পাশাপাশি নোটের ভিত্তিতে বিভিন্ন প্রশ্নের উত্তর পাওয়া এবং মাইন্ড ম্যাপ তৈরির সুবিধাও থাকবে। এআই স্পিচ রেকগনিশন টুলের মাধ্যমে মিটিংয়ের কথোপকথনের সারাংশ তৈরি, ছবির সঙ্গে সম্পর্কিত ট্যাগ যুক্ত করা, অপ্রয়োজনীয় নীরব অংশ বাদ দেওয়া এবং গুরুত্বপূর্ণ বিষয়গুলোর আউটলাইন তৈরি করা যাবে। এছাড়াও থাকছে এআই অ্যানসারস, কথোপকথনের অনুবাদ, এআই গ্যালারি সার্চ এবং এআই ক্রিয়েটিভিটি অ্যাসিস্ট্যান্ট।

নিরাপত্তা ও ব্যক্তিগত তথ্যের সুরক্ষার দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রস্তুতকারক সংস্থাটি। নতুন এই আপডেটে নির্দিষ্ট কিছু এন্ড-টু-এন্ড এনক্রিপ্টেড সেবায় কি ডেলিভারির জন্য পোস্ট-কোয়ান্টাম এনক্রিপশন প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। পাশাপাশি নিরাপদে তথ্য আদান-প্রদান, ডিভাইসের মধ্যেই ব্যক্তিগত তথ্য সংরক্ষণের ব্যবস্থা এবং কনফিডেন্শাল ক্লাউড কম্পিউটিংয়ের সুবিধা থাকছে। তবে সমস্ত স্মার্টফোনে বা সব অঞ্চলে এই ফিচারগুলো সমানভাবে পাওয়া যাবে না। ডিভাইসের মডেল, অঞ্চল এবং ভাষার ওপর নির্ভর করে ফিচারের উপলব্ধতা কিছুটা আলাদা হতে পারে।