ডাকাত সানাউল্লাহর ঘরে মিলল দুই পিস্তল, চার রাউন্ড গুলি
সংগৃহীত ছবি
কালের কণ্ঠের প্রিন্ট ভার্সনে ‘গহিন পাহাড়ে জিম্মি বেচাকেনা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর কক্সবাজারের টেকনাফের নয়াপাড়া নিবন্ধিত রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও বাংলাদেশ সেনাবাহিনী। এসময় ডাকাত সানাউল্লাহর বসতঘর থেকে দুটি পিস্তল, চার রাউন্ড গুলি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তবে অভিযানের সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
রবিবার (৮ নভেম্বর) বিকেলে ক্যাম্পের এইচ ব্লকে এ অভিযান পরিচালনা করা হয়। পরে দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার।
অতিরিক্ত ডিআইজি মো. কাওসার সিকদার বলেন, ১৬ এপিবিএন ও বাংলাদেশ সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ডাকাত সানাউল্লাহর বসতঘরে তল্লাশি চালায়।
এ সময় ঘর থেকে দুটি নম্বরবিহীন ৭.৬৫ বোরের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, চার রাউন্ড গুলি, একটি স্টিলের চাকু, একটি লোহার দা ও একটি হেক্সো ব্লেড উদ্ধার করা হয়।
উদ্ধার করা চার রাউন্ড গুলির মধ্যে তিনটি ৭.৬৫ বোরের পিস্তলের এবং একটি একনলা বন্দুকের গুলি। এ ছাড়া ঘর থেকে ভারতীয় ১০ রুপির একটি পুরোনো নোট, সিমবিহীন আটটি সিম কার্ডের কাভার, দুটি বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের ফটোকপি, দুটি ইউএনএইচসিআর রোহিঙ্গা শরণার্থী কার্ড, একটি জন্মনিবন্ধন সনদের ফটোকপি এবং এক জোড়া পুরোনো কালো বুট উদ্ধার করা হয়েছে।
ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কাউকে আটক করা সম্ভব না হলেও উদ্ধার করা সব আলামত আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এপিবিএনের অধিনায়ক।