বাকৃবি ক্যাম্পাসে ছুরি দেখিয়ে মোবাইল ছিনতাই, অটোচালক আটক
সংগৃহীত ছবি
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) ক্যাম্পাসে ছুরি দেখিয়ে বহিরাগত এক ব্যক্তির মোবাইল ফোন ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অভিযুক্ত অটোচালককে (মিশুক) ধাওয়া দিয়ে আটক করেছেন শিক্ষার্থীরা।
পরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি তাকে পুলিশের কাছে সোপর্দ করে। রবিবার (৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেললাইন সংলগ্ন নির্জন এলাকায় এ ঘটনা সংঘটিত হয়।
আটক অটোচালকের নাম রাহুল মিয়া। তিনি ময়মনসিংহের কোতোয়ালি থানার মরাখোলা এলাকার বাসিন্দা।
তার বাবার নাম নন্দ কিশোর। আটকের পর তার কাছ থেকে একটি ধারাল চাকু ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়। পরে তাকে উদ্ধার করা চাকু ও মোবাইল ফোনসহ কোতোয়ালি থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ঘটনার বিবরণীতে ভুক্তভুগী কাদের সিদ্দিকি (২০ বছর) বলেন, আমি নারায়ণগঞ্জ থেকে ময়মনসিংহে বেড়াতে এসেছি।
ঢাকা বাইপাস থেকে কেওয়াটখালী আমার আত্মীয়ের বাসায় যাওয়ার জন্যে মিশুক ৭০ টাকা দিয়ে রিজার্ভ করি। চালক মেইন রোড দিয়ে সোজা না গিয়ে ভার্সিটির দিক নিয়ে আসে। ভাবছি শর্টকাটে যাওয়া যাবে। ক্যাম্পাস সম্পর্কে ধারণা না থাকায় বিষয়টি বুঝতে পারেননি। অটোচালক অনেক জায়গায় ইউটার্ন নিছে।
বলে যে এই জায়গায় রাস্তা ভুইলা গেছি।
ঘণ্টাখানেক ঘোরানোর পর অন্ধকার এক জায়গায় থামায়। হঠাৎ ছুরি বের করে বলে ‘যা আছে বের কর’। আমার কাছে ফোন ছিল বের করে তাকে দেই। মোবাইল নেওয়ার পর অটো জোরে টান দিয়ে পালানোর চেষ্টা করে। এদিকে আসার পথে কয়েকজন শিক্ষার্থীকে আড্ডা দিতে দেখেছিলাম। পরে আমি মিশুকের পেছনে দৌড়ে চিৎকার করতে থাকি। এক বড় ভাই তখন মোটরসাইকেলে করে অটোকে ধাওয়া দেয়। পরে করিম ভবনের দিকে এসে ধরতে পারি।
প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ সেশনের শিক্ষার্থী আকাশ জানায়, আমি বাসা থেকে ক্যাম্পাসে ফেরার সময় ফার্স্ট গেট থেকে জব্বারের দিকে আসতে থাকি। মাৎস্যবিজ্ঞান অনুষদের গেট পর্যন্ত আসলে পেছন দিকে থেকে একজনের চিৎকার শুনতে পাই। দেখি একজন লোক অটোর পেছনে দৌড়াচ্ছে, ছিনতাই, ছিনতাই করছে। পরে এটা দেখে আমি মোটরসাইকেল থেকে নেমে অটোকে ধরার চেষ্টা করি। অটোর গতির কারণে ধরতে পারিনি।
পরে ওই লোকটাকে মোটোসাইকেলে তুলে অটোর পেছনে পেছনে ধাওয়া দিয়ে থাকি। অটো জব্বারের মোড়, দেবদারু রোড হয়ে করিম ভবনের দিকে চলতে থাকে। এসময় তাকে আটকানোর চেষ্টা করছিলাম কিন্তু ছিনতাইকারী বার বার ধাক্কা দেওয়ার চেষ্টা করে। পরে করিম ভবন থেকে ছেলেদের হলের রাস্তা দিয়ে নামার সময় অটোর নিচে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে ছিনতাইকারীকে ধরতে পারি। পরে প্রক্টরিয়াল বডিকে ফোন দেই। পরে তাকে পুলিশ ক্যাম্পে নিয়ে যাওয়া হয়।
ঘটনার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর অধ্যাপক ড. কাজী ফরহাদ কাদির বলেন, রাত সাড়ে ৮টার দিকে আমরা ছিনতাইয়ের ঘটনার খবর পেলাম। বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী একজন ছিনতাইকারীকে ধরেছে। তাৎক্ষণিকভাবে প্রক্টরিয়াল বডির লোকজন সেখানে উপস্থিত হয়। পরে তাকে আটক করে ক্যাম্প পুলিশে নিয়ে আসা হয়। এসময় তার কাছ থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। পরে কোতোয়ালি থানায় ঘটনার বিষয়ে জানানো হয়। তারা আসলে ছিনতাইকারীকে তাদের হাতে হস্তান্তর করা হয়। তার নামে মামলা করা হবে।
এ বিষয়ে কোতোয়ালী মডেল থানার সাব-ইন্সপেক্টর (এসআই) সজীব কোচ বলেন, রাত সাড়ে ৮টার পর মোবাইল ফোনে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে রাহুল মিয়া নামে একজন ছিনতাইয়ের ঘটনায় আটক হয়েছেন বলে জানতে পারেন তারা। বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য কোতয়ালী থানায় তাকে হস্তান্তর করে। এ ঘটনায় যেহেতু বাদী অভিযোগ কিংবা মামলা মোকাদ্দামায় যাবে না। তাই পরবর্তীতে আমাদের যে আইনগত ব্যবস্থা আছে, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।