নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

নিকাহ রেজিস্ট্রারদের অধিকার সুরক্ষায় প্রধানমন্ত্রীকে স্মারকলিপি

ছবি: সংগৃহীত

বিবাহ ও তালাক নিবন্ধন ব্যবস্থার শৃঙ্খলা বজায় রাখা এবং নিকাহ রেজিস্ট্রারদের পেশাগত মর্যাদা ও অধিকার সুরক্ষার দাবিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার ও নিকাহ রেজিস্ট্রার কল্যাণ ঐক্য পরিষদ।

সোমবার জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন শেষে বাংলাদেশ মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির সভাপতি মাওলানা শাহ মো. নেছারুল হকের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধি দল সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে নিকাহ রেজিস্ট্রারদের সৃষ্ট সংকট দ্রুত নিরসন এবং দাবি-দাওয়া মেনে নেয়ার লক্ষ্যে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে বলা হয়, নিকাহ রেজিস্ট্রারদের বিদ্যমান অধিক্ষেত্র বহাল রাখা এবং মর্যাদা ও অধিকার সুরক্ষিত করতে হবে। মুসলিম বিবাহ ও তালাক নিবন্ধন বিধিমালা অনুযায়ী বর্তমানে প্রচলিত নিকাহ রেজিস্ট্রারদের কর্ম-অধিক্ষেত্র ও অধিকার সম্পূর্ণভাবে বহাল রাখতে হবে। কোনোভাবেই বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বিভক্ত করে একজনের স্থলে একাধিক নিকাহ রেজিস্ট্রার নিয়োগের বিধান করা যাবে না।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন মুসলিম নিকাহ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি মাওলানা মো. নজরুল ইসলাম তালুকদার, মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির মহাসচিব মাওলানা মো. সেলিম রেজা, মুসলিম নিকাহ রেজিস্ট্রার সমিতির নির্বাহী সভাপতি কাজী ইকবাল হোসেন, মশিউর রহমান, একে এম বদরুল হক, জোবায়ের ইবনে সালেহ ও আজিজুর রহমান সুমন।