মোংলায় কলস ও জাল হাতে সমাবেশ-মিছিল
ছবি: সংগৃহীত
তুরস্কের আন্তালিয়ায় কপ-৩১ জলবায়ু সম্মেলনকে সামনে রেখে জলবায়ু ন্যায্যতার দাবিতে মোংলায় মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছেন স্থানীয় নারীরা ও জেলেরা। এ সময় নারীরা কলস ও জেলেরা জাল হাতে কর্মসূচিতে অংশ নেন।
সোমবার বেলা ১১টার দিকে মোংলার দক্ষিণ কাইনমারীর পশুর নদীর পাড়ে মানববন্ধন ও মিছিল শেষে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
‘সুপেয় পানি, খাদ্য নিরাপত্তা, জেলে জীবন এবং মৎস্য সম্পদ ও কৃষি প্রতিবেশ সুরক্ষায় শর্তহীন অর্থায়ন নিশ্চিত করো’ শীর্ষক এ মানববন্ধন, মিছিল ও সমাবেশের আয়োজন করে মোংলা নাগরিক সমাজ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক, বিডাব্লিউজিইডি, ক্লিন, পার্টিসিপেটরি রিসার্স অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক।
এই কর্মসূচিতে কয়েকশো উপকূলীয় নারী, জেলে ও তরুণ জলবায়ুযোদ্ধারা পানির শুন্যকলস, মাছ ধরার জাল এবং জলবায়ু ন্যায্যতার দাবির ফেস্টুন হাতে নিয়ে অংশগ্রহণ করেন।
এতে সভাপতিত্ব করেন মোংলা নাগরিক সমাজের সভাপতি মো. নূর আলম শেখ। বক্তব্য দেন উদয়ন যুব সংঘের সভাপতি এস এম জানে আলম বাবু, ক্লাইমেট অ্যাকশন ফোরামের আবু হাসান, নেত্রী রত্না শেখ, তন্বী মন্ডল, ইয়ুথ লিডার মেহেদী হাসান, প্রদীপ সরকার, নুপুর সরকার, জেলে সমিতির অসীম মাঝি, পৌল ইজারাদার ও জরিনা বেগম।
নূর আলম শেখ বলেন, কপ-৩১ কৃষকদের জন্য কোনো আশার বার্তা নেই। আমাদের দাবি কপ-৩১-এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিন গুণের সুস্পষ্ট অঙ্ক রাখতে হবে। চাহিদার অনুপাতে তার নির্ধারিত অংশ কৃষি খাদ্য ব্যবস্থার জন্য বরাদ্দ করতে হবে। যা ক্ষুদ্র কৃষকের কাছে পৌঁছাবে অনুদান হিসেবে, ঋণ হিসেবে নয়।
জানে আলম বাবু বলেন, কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে অগ্রাধিকার দিতে হবে। ন্যায্য রূপান্তর কর্মসূচিতে উপকূলের নারী, জেলে, কৃষক ও কৃষি শ্রমিকের অধিকার স্পষ্টভাবে স্বীকৃতি দিতে হবে।
সমাবেশে জলবায়ুযোদ্ধা রত্না শেখ বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাতে তীব্র লবণাক্ততায় নারীরা জরায়ু ক্যান্সার এবং প্রজনন স্বাস্থ্য সমস্যা ও বন্ধ্যাত্ব রোগে আক্রান্ত হচ্ছেন। সুপেয় পানির অভাবে নারী ও শিশুরা চর্ম, টাইফয়েডসহ নানা রোগে আক্রান্ত। তাই জাতীয় অভিযোজন পরিকল্পনা, এনডিসি ও কপ প্রতিনিধি দলে উপকূলের নারী, জেলে ও কৃষক প্রতিনিধি নিশ্চিত করতে হবে।