শ্যামনগর সীমান্তে বিজিবির অভিযানে দুই ব্যক্তি আটক

শ্যামনগর সীমান্তে বিজিবির অভিযানে দুই ব্যক্তি আটক

ফাইল ছবি

সাতক্ষীরার শ্যামনগর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে দুই ব্যক্তিকে আটক করেছে নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)। রোববার (১৫ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাঁদের নিজ বাড়ি থেকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, শ্যামনগর উপজেলার সাহেদখালী গ্রামের মো. আইজুল (৩৮) ও মল্লিকপাড়া গ্রামের মো. দেলোয়ার (৪২)। সোমবার (১৬ নভেম্বর) নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাটালিয়নের অধীন উত্তর কৈখালী ও কৈখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। সুবেদার মো. খোরশেদ আলম ও নায়েব সুবেদার মো. রেজাউল কবিরের নেতৃত্বে বিজিবির সদস্যরা এসব অভিযান পরিচালনা করেন।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে সীমান্ত এলাকায় চোরাচালান, মানব পাচারে সহায়তাসহ বিভিন্ন অবৈধ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে এ-সংক্রান্ত একাধিক মামলা রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এ ছাড়া সীমান্ত দিয়ে বিভিন্ন ব্যক্তিকে পারাপারে সহায়তার অভিযোগও রয়েছে তাঁদের বিরুদ্ধে।

নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল খন্দকার সহল আব্দুল্লাহ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।