জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা

জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিনের জন্য বন্ধ ঘোষণা

ফাইল ছবি

উদ্ভূত পরিস্থিতির কারণে ৩ দিনের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ ঘোষণা করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজিত এক জরুরি সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে রাত ১০টায় এই জরুরি সিন্ডিকেট সভা শুরু হয়।

পরে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় বন্ধের সিদ্ধান্ত জানানো হয়।

এতে বলা হয়, ১৬ নভেম্বর অনুষ্ঠিত সিন্ডিকেটের তাৎক্ষণিক সভার সিদ্ধান্ত অনুযায়ী ১৭ নভেম্বর (মঙ্গলবার) থেকে ১৯ নভেম্বর (বৃহস্পতিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অফিস বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিষেবা, পরীক্ষা নিয়ন্ত্রণ দপ্তর এবং অধ্যক্ষ সম্মিলন-সংক্রান্ত কার্যক্রম এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।

এর আগে আদালতের রায়ে চাকরিতে পুনর্বহাল হওয়া ৯৮৮ কর্মকর্তা-কর্মচারীর বিভিন্ন দাবিদাওয়াকে কেন্দ্র করে ক্যাম্পাসে অচল অবস্থার সৃষ্টি হয়।

দাবি আদায়ের লক্ষে সোমবার সকাল ১০টা থেকে রাত পৌনে ৯টা পর্যন্ত উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহকে তাঁর কার্যালয়ে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। পরবর্তীতে উদ্ভূত পরিস্থিতি মোকাবিলা করতেই জরুরি সিন্ডিকেট সভা ডাকা হয়।