জাবিতে কমেছে ভর্তির জিপিএ শর্ত, আবেদন শুরু ২২ নভেম্বর

জাবিতে কমেছে ভর্তির জিপিএ শর্ত, আবেদন শুরু ২২ নভেম্বর

ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষার আবেদনে ন্যূনতম জিপিএর শর্ত শিথিল করা হয়েছে। আগামী ২২ নভেম্বর সকাল ১০টা থেকে অনলাইনে আবেদন শুরু হয়ে চলবে আগামী ১৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। এবারের ভর্তি পরীক্ষায়ও শিক্ষার্থীদের জন্য দ্বিতীয়বার অংশ নেওয়ার সুযোগ বহাল রাখা হয়েছে। 

সোমবার (১৬ নভেম্বর) কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (শিক্ষা) সৈয়দ মোহাম্মদ আলী রেজা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং ২৫ ডিসেম্বর থেকে পরীক্ষার্থীরা প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের সাতটি ইউনিটের অধীন ৩৭টি বিভাগ ও ইনস্টিটিউটে মোট ১ হাজার ৮৪৮টি আসনে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে। এর মধ্যে ছাত্রদের জন্য ৯২৪টি এবং ছাত্রীদের জন্য ৯২৪টি আসন সমানভাবে বরাদ্দ রয়েছে। 

মোট আসনের এই বিন্যাসের মধ্যে গাণিতিক ও পদার্থবিষয়ক অনুষদ এবং ইনস্টিটিউট অব ইনফরমেশন টেকনোলজির (আইআইটি) অধীন ‘এ’ ইউনিটে রয়েছে ৪২৪টি আসন। এ ছাড়া কলা ও মানবিকী অনুষদ এবং তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের অধীন ‘সি’ ইউনিটে ৪০২টি, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের অধীন ‘বি’ ইউনিটে ৩৯৬টি এবং জীববিজ্ঞান অনুষদের অধীন ‘ডি’ ইউনিটে ৩১৬টি আসন রাখা হয়েছে। 

পাশাপাশি ব্যবসায় শিক্ষা অনুষদের অধীন ‘ই’ ইউনিটে ১৭৬টি, ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ-জেইউ) ৭০টি এবং নাটক ও নাট্যতত্ত্ব ও চারুকলা বিভাগের অধীন ‘সি১’ ইউনিটে ৬৪টি আসন রয়েছে।

আবেদনের যোগ্যতা হিসেবে ২০২৩ ও ২০২৪ সালে মাধ্যমিক বা সমমান এবং ২০২৫ ও ২০২৬ সালে উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা সুযোগ পাবেন। 

ইউনিটভেদে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষায় পৃথক এবং মোট জিপিএর শর্ত নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে ‘এ’ ইউনিটে উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৭.৫০ থাকতে হবে। অন্যদিকে ‘ডি’ ইউনিটে পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ এবং মোট জিপিএ ৮.০০ প্রয়োজন। ‘বি’ ইউনিটে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.৫০ ও মোট ৭.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের পৃথকভাবে জিপিএ ৩.০০ ও মোট ৬.৫০ থাকতে হবে। 

‘সি’ ইউনিটে মানবিক বিভাগের শিক্ষার্থীদের পৃথক জিপিএ ৩.০০ ও মোট ৬.৫০ এবং বিজ্ঞান, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের ক্ষেত্রে পৃথক জিপিএ ৩.৫০ ও মোট ৭.৫০ নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ‘সি১’ ইউনিটে সব বিভাগের শিক্ষার্থীদের জন্য পৃথকভাবে ন্যূনতম জিপিএ ৩.০০ এবং মোট জিপিএ ৬.৫০ প্রয়োজন। ‘ই’ ও ‘আইবিএ-জেইউ’ ইউনিটেও বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পৃথক জিপিএ ৩.৫০ ও মোট ৭.৫০ এবং মানবিক, ব্যবসায় শিক্ষা ও অন্যান্য বিভাগের শিক্ষার্থীদের পৃথক জিপিএ ৩.০০ ও মোট ৬.৫০ চাওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষার আবেদন ফি হিসেবে ‘এ’, ‘বি’, ‘সি’ ও ‘ডি’ ইউনিটের প্রতিটির জন্য ৮০০ টাকা, ‘ই’ ইউনিটের জন্য ৭০০ টাকা এবং ‘সি১’ ও ‘আইবিএ-জেইউ’ ইউনিটের জন্য ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার মানবণ্টন অনুযায়ী সব ইউনিটে ৮০টি বহুনির্বাচনি প্রশ্নের বিপরীতে মোট ৯০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার জন্য সময় থাকবে ৫৫ মিনিট। 

ভর্তি-সংক্রান্ত বিস্তারিত তথ্য ও আবেদনপ্রক্রিয়া বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট admission.juniv.edu থেকে জানা যাবে।