কিডনি রোগীদের জন্যও যে ৫টি ফল খাওয়া নিরাপদ
ফাইল ছবি
কিডনির সমস্যা ধরা পড়লেই বাড়ির লোক থেকে শুরু করে পাড়া-প্রতিবেশী—সবার মুখে একটাই কথা, ‘ফল খাওয়া একদম বন্ধ!’ কলা বা কমলালেবু তো দূরে থাক, সামান্য ফল খেলেই নাকি কিডনি আরও বিকল হয়ে যাবে—এমন ভীতি কাজ করে অনেকের মনেই। এই ভয়ে বহু মানুষ ফল খাওয়া ছেড়েই দেন।
ফলে দিনের পর দিনে শরীরে দেখা দেয় ভিটামিনের ঘাটতি, বাড়ে শারীরিক দুর্বলতাও। তবে চিকিৎসকদের মতে, কিডনির রোগ মানেই ফল খাওয়া পুরোপুরি বারণ—এই ধারণাটি সম্পূর্ণ ভুল।
প্রখ্যাত চিকিৎসক অন্বিত ভট্টাচার্যের মতে, কিডনির সমস্যা থাকলে ফল একেবারে বাদ দেওয়ার প্রয়োজন নেই; বরং কোন ফলটি খাওয়া নিরাপদ, তা বুঝে-শুনে বেছে নিতে হবে।
আসল সমস্যা কোথায়?
চিকিৎসকদের ব্যাখ্যা অনুযায়ী, কিডনি রোগীদের ক্ষেত্রে আসল ভয়ের কারণ হলো ‘পটাশিয়াম’। রক্তে পটাশিয়ামের মাত্রা নিরাপদ রাখতে কোন ফলে পটাশিয়াম কম আর কোনটিতে বেশি, তা জানা জরুরি।
কোনো ফলই জাদুকরিভাবে কিডনি পরিষ্কার করে না, তবে সঠিক ফল বেছে খেলে রক্তে পটাশিয়ামের মাত্রা নিয়ন্ত্রণে থাকে এবং কিডনির ওপর অতিরিক্ত চাপও কমে।
কিডনি রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন যে ৫টি ফল:
১. আপেল: কিডনি রোগীদের জন্য এটি অন্যতম নিরাপদ ফল। এতে পটাশিয়াম খুব কম এবং ফাইবার বা আঁশ বেশি থাকে। নিয়ম করে প্রতিদিন একটি করে আপেল খাওয়া যেতে পারে।
২. আনারস: ভিটামিন সি এবং ম্যাঙ্গানিজে ভরপুর এই ফলে পটাশিয়ামের পরিমাণ বেশ কম। তাই এটি কিডনি রোগীদের জন্য একটি দারুণ বিকল্প।
৩. আঙুর: অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর আঙুর মিষ্টি হলেও পরিমাণমতো খেলে কোনো ক্ষতির আশঙ্কা থাকে না।
৪. স্ট্রবেরি: ভিটামিন সি, অ্যান্টি-অক্সিড্যান্ট এবং কম পটাশিয়ামের গুণে সমৃদ্ধ স্ট্রবেরি কিডনি রোগীরা অনায়াসেই খেতে পারেন।
৫. তরমুজ: এই ফলে পানির পরিমাণ বেশি এবং পটাশিয়াম কম থাকে। তবে এক্ষেত্রে একটি সতর্কবার্তা রয়েছে—যাদের চিকিৎসকের পক্ষ থেকে পানি বা তরল মেপে খাওয়ার কড়াকড়ি রয়েছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে তরমুজ খাবেন।
যে ফলগুলো থেকে সাবধান থাকতে হবে
কলা, কমলালেবু, অ্যাভোকাডো, কিউই, খেজুর এবং বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস বা শুকনো ফল কোনোভাবেই খারাপ ফল নয়। কিন্তু এগুলোতে পটাশিয়ামের মাত্রা অনেক বেশি থাকায় কিডনি রোগীদের জন্য তা ঝুঁকির কারণ হতে পারে।
তবে চিকিৎসক অন্বিত ভট্টাচার্যের মতে, এই ফলগুলো চিরতরে বারণ, এমনটা ভাবারও কারণ নেই। রোগীর শারীরিক অবস্থা, রক্ত পরীক্ষার রিপোর্ট, ক্রিয়েটিনিনের মাত্রা এবং ডায়ালিসিস চলছে কিনা—তার ওপর নির্ভর করবে রোগী এই ফলগুলো কতটা পরিমাণে খেতে পারবেন।
চিকিৎসকের অন্যান্য পরামর্শ
শুধুমাত্র ফল বেছে খেলেই কিডনি ভালো রাখা সম্ভব নয়। এর পাশাপাশি জীবনযাত্রায় কয়েকটি বিষয়ে বিশেষ নজর দেওয়া জরুরি:
রক্তে শর্করা বা সুগার নিয়ন্ত্রণে রাখুন।
উচ্চ রক্তচাপ বা প্রেশার নিয়ন্ত্রণে রাখুন।
খাবারে অতিরিক্ত বা বাড়তি লবণ খাওয়ার অভ্যাস কমান।