বাংলাদেশের পর্যটন উন্নয়নে সহযোগিতা দেবে ইউএন ট্যুরিজম
সংগৃহীত
বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়ন, অবকাঠামো সম্প্রসারণ ও আন্তর্জাতিক পর্যায়ে প্রচারে সহযোগিতার আশ্বাস দিয়েছে জাতিসংঘের পর্যটনবিষয়ক সংস্থা ইউএন ট্যুরিজম।
এ বিষয়ে কানাডার মন্ট্রিলে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) সদর দপ্তরে অনুষ্ঠিত ৭ম ওয়ার্ল্ডওয়াইড এয়ার ট্রান্সপোর্ট কনফারেন্সের সাইডলাইনে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। গতকাল অনুষ্ঠিত এ বৈঠকে ইউএন ট্যুরিজমের মহাসচিব মিসেস শাইখা আল নুয়াইস উপস্থিত ছিলেন।
বৈঠকে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পর্যটনের প্রসারে আকাশপথে যোগাযোগের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেওয়ায় ইউএন ট্যুরিজমের মহাসচিবকে ধন্যবাদ জানান মন্ত্রী। একই সঙ্গে বাংলাদেশের পর্যটন খাতের সার্বিক উন্নয়নে, বিশেষ করে পর্যটন অবকাঠামো গড়ে তোলা এবং দেশের পর্যটন গন্তব্যগুলোকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করতে সংস্থাটির সহযোগিতা কামনা করেন তিনি।
এ সময় বাংলাদেশের পর্যটন খাতের বিপুল সম্ভাবনার কথা তুলে ধরেন মন্ত্রী। তিনি বলেন, দেশের সমুদ্রসৈকত, ম্যানগ্রোভ বনাঞ্চল, পাহাড়ি অঞ্চল ও ইকো-ট্যুরিজম আন্তর্জাতিক পর্যটকদের আকৃষ্ট করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এসব বৈচিত্র্যময় পর্যটন আকর্ষণকে কেন্দ্র করে বাংলাদেশে বিদেশি বিনিয়োগেরও ব্যাপক সুযোগ রয়েছে।
বৈঠকে ইউএন ট্যুরিজমের মহাসচিব বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে বর্তমান সরকারের পরিকল্পনা ও দূরদর্শী উদ্যোগের প্রশংসা করেন। এ ছাড়া ২০২৭ সালের মে মাসে কোরিয়া প্রজাতন্ত্রে ইউএন ট্যুরিজমের অংশীদারত্বে অনুষ্ঠিতব্য ওয়ার্ল্ড ট্যুরিজম ইন্ডাস্ট্রি কনফারেন্সে অংশ নেওয়ার জন্য মন্ত্রীকে আমন্ত্রণ জানান তিনি।
পাশাপাশি বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটনবিষয়ক একটি আয়োজনের আয়োজক হওয়ার বিষয়টি বিবেচনা করার প্রস্তাব দেন মহাসচিব। এ ক্ষেত্রে ইউএন ট্যুরিজমের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার আশ্বাসও দেন তিনি।
বৈঠকের শেষ পর্যায়ে বাংলাদেশের পর্যটন সম্ভাবনা সরেজমিনে দেখতে ইউএন ট্যুরিজমের মহাসচিবকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান মন্ত্রী। জবাবে বাংলাদেশ সফরের বিষয়ে আগ্রহ প্রকাশ করেন শাইখা আল নুয়াইস।