ঝিকরগাছায় দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

ঝিকরগাছায় দুই প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

যশোরের ঝিকরগাছায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে নারিকেল তেল উৎপাদন এবং প্রয়োজনীয় তথ্যবিহীন শিশুখাদ্য মজুত রাখার দায়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলার কলেজ রোড ও উপজেলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে কলেজ রোডের মেসার্স আব্দুস সাত্তার বিশ্বাস অয়েল মিলে বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই নারিকেল তেল উৎপাদন এবং পণ্যের গায়ে বিএসটিআইয়ের লোগো ব্যবহারের প্রমাণ পাওয়া যায়। এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, উপজেলা বাজারের ছালাম স্টোরে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখবিহীন শিশুখাদ্য বিক্রির উদ্দেশ্যে মজুত রাখায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া অভিযানের সময় মাংসের বাজারদর পর্যবেক্ষণ করা হয়। মনিটরিং টিমের উপস্থিতিতে ব্যবসায়ীরা প্রতি কেজি মাংসের দাম ৭৮০ টাকা থেকে কমিয়ে ৭৫০ টাকা নির্ধারণ করেন এবং দোকানে মূল্যতালিকা প্রদর্শনের ব্যবস্থা করেন।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামানের নেতৃত্বে পরিচালিত অভিযানে জেলা পুলিশ, ঝিকরগাছা থানা-পুলিশ ও যশোর জেলা ক্যাবের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সহকারী পরিচালক জানান, ভোক্তাদের স্বার্থ রক্ষা, পণ্যের মান নিশ্চিত করা ও বাজারের অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।