সিরাজগঞ্জে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২
ফাইল ছবি
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী বাস ও সিএনজির সংঘর্ষে সিএনজিচালকসহ দুইজন নিহত হয়েছেন। বুধবার রাত ৮টার দিকে উল্লাপাড়া রেলওয়ে ওভারপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- উল্লাপাড়া পৌরশহরের ঘোঁষগাঁতী এলাকার তাহেরের ছেলে সিএনজি চালক মোনাফ ও একই এলাকার বাসু পালের ছেলে চন্দল পাল।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান জানান, রাত আটটার দিকে সিএনজি চালক মোনাফ হোসেন সিএনজিতে গ্যাস তোলার জন্য ঘোঁষগাঁতী এলাকা থেকে শাহজাদপুর উপজেলার মশিপুর গ্যাস পাম্পের দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছলে পাবনা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিটির সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই সিএনজি চালকসহ দুইজন মারা যায়। সংবাদ পেয়ে ফায়ার দমকল বাহিনী ও উল্লাপাড়া মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। মরদেহ দুটি থানা হেফাজতে রয়েছে। ঘাতক বাসটি জব্দ এবং চালক মুকুল মালিথাকে আটক করা হয়েছে বলেও তিনি জানান।