ককটেল বানানোর সময় বিস্ফোরণে আহত ‘ককটেল কারিগর’ নুরুল গ্রেপ্তার
আটক নাজমুল কবির নুরুল। সংগৃহীত ছবি
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে গুরুতর আহত হওয়ার পর পালিয়ে রাজশাহীতে আত্মগোপন করেছিলেন মো. নাজমুল কবির নুরুল (৩২)।
তবে শেষ রক্ষা হয়নি। রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকা থেকে তাকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৫)। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাতে নগরীর তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকার একটি বাসা থেকে আহত অবস্থায় তাকে আটক করা হয়। নাজমুল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পার চৌকা এলাকার মো. ফাইজুদ্দিনের ছেলে।
শুক্রবার (২৭ নভেম্বর) সকালে এসআরবি-৫-এর মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার (২৫ নভেম্বর) দুপুরে শিবগঞ্জ উপজেলার একটি মাঠে ককটেল তৈরির সময় বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই টমাস নামে এক ব্যক্তি নিহত হন। তিনি নিয়মিত ককটেল তৈরি করতেন এবং এ কাজে অভিজ্ঞ ছিলেন বলে জানা গেছে। ঘটনার দিন তিনি নাজমুলকে সেখানে ডেকে নিয়ে যান।
এ সময় বিস্ফোরণে ককটেলের স্প্লিন্টার নাজমুলের মাথা, হাত ও চোখে বিদ্ধ হয়। এতে তিনি গুরুতর আহত হন। তবে গ্রেপ্তারের ভয়ে হাসপাতালে ভর্তি না হয়ে আত্মগোপনে চলে যান। পরে তার স্ত্রী তাকে ঘটনাস্থল থেকে সরিয়ে রাজশাহীতে নিয়ে আসেন এবং বিভিন্ন স্থানে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
পরবর্তী সময়ে তাকে লুকিয়ে রাখার জন্য রাজশাহী মহানগরীর তেরখাদিয়া এলাকায় একটি বাসার ব্যবস্থা করা হয়। সেখান থেকে অন্যত্র পালিয়ে যাওয়ারও পরিকল্পনা ছিল তার।
গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-৫-এর সদর কোম্পানি ও সিপিএসসির একটি যৌথ অভিযানিক দল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া পশ্চিমপাড়া এলাকায়, গ্রিন চিলির পেছনে অভিযান চালায়। একপর্যায়ে ওই বাসায় নাজমুলের অবস্থান শনাক্ত করে তাকে গুরুতর আহত অবস্থায় আটক করা হয়।
পরে প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বর্তমানে উন্নত চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়েছে।
এসআরবি-৫ আরও জানায়, নাজমুলের স্ত্রী ও ফুপুকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত এবং দলটির একজন কর্মী। তবে বর্তমানে তার কোনো পদ-পদবি নেই।
বিস্ফোরণের ঘটনাটি নিয়ে বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছে এসআরবি-৫। এ ঘটনায় আর কারা জড়িত, তা শনাক্ত করে তাদের আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।