৪৫ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান, করাচিতে ভবন ধসে নিহত বেড়ে ৭

৪৫ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান, করাচিতে ভবন ধসে নিহত বেড়ে ৭

ধ্বংসস্তূপে হতাহতদের সন্ধানে তল্লাশি চালাচ্ছেন উদ্ধারকর্মী ও স্বেচ্ছাসেবীরা। ছবি: সংগৃহীত

পাকিস্তানের করাচিতে দুই দিন আগে ধসে পড়া নির্মাণাধীন ছয়তলা ভবনের ধ্বংসস্তূপ থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে সাতজনে দাঁড়িয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ‘দ্য ডন’ শুক্রবার (২৭ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, ধ্বংসস্তূপ থেকে আরও তিনজনের মরদেহ উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। এ ঘটনায় আহত হয়েছেন ১৪ জন।

এর আগে গত ২৫ নভেম্বর করাচির অ্যাডমিনিস্ট্রেটিভ সোসাইটি এলাকায় ভবনটি ধসে পড়ে। দুর্ঘটনার সময় ভবনটিতে প্রায় ৩০ জন শ্রমিক ছিলেন বলে জানা গেছে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, ভবনটির বেজমেন্ট, নিচতলা ও একটি অতিরিক্ত তলা নির্মাণের অনুমোদন ছিল। তবে অনুমোদন ছাড়াই আরও ছয়টি তলা নির্মাণ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ঠিকাদার ও কাঠামো প্রকৌশলীসহ ছয়জনকে আটক করেছে পুলিশ। অন্যদিকে, সিন্ধু বিল্ডিং কন্ট্রোল অথরিটি ছয় কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছে। একই এলাকায় নির্মাণাধীন আরও ১২টি ভবন সিলগালা করেছে কর্তৃপক্ষ।

উদ্ধার কর্মকর্তারা জানান, ভবন ধসের পর থেকে টানা ৪৫ ঘণ্টা ধরে উদ্ধার অভিযান চলছে। ধ্বংসস্তূপ সরিয়ে নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে ভারী যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে।

আহত ১৪ জনের মধ্যে একজন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। উদ্ধার করা মরদেহগুলো ময়নাতদন্তের জন্য জিন্নাহ পোস্টগ্র্যাজুয়েট মেডিকেল সেন্টারে পাঠানো হয়েছে।