রাঙামাটির পার্বত্য সীমান্তে বিজিবির উদ্যোগে স্কুল ঘরের উদ্বোধন

রাঙামাটির পার্বত্য সীমান্তে বিজিবির উদ্যোগে স্কুল ঘরের উদ্বোধন

ছবি:সংগৃহীত

রাঙামাটি জেলার জুড়াছড়ি উপজেলার দুর্গম সীমান্তবর্তী পুন্নমনিছড়া পাড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এর উদ্যোগে নির্মিত একটি নতুন স্কুল ঘরের উদ্বোধন করা হয়েছে। এসময় শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। 

বিজিবি মহাপরিচালকের নির্দেশনা 'বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক' বাস্তবায়নের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়। কাপ্তাই ব্যাটালিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়ার পক্ষে কচুতলী টিওবির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মো. হাসান জাহিদ জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে স্কুলটির উদ্বোধন করেন। 

এসময় তিনি স্কুলের ৪৭ জন ছাত্রছাত্রীর মাঝে খাতা, কলম ও কাঠ পেন্সিলসহ বিভিন্ন শিক্ষা উপকরণ বিতরণ করেন। পরবর্তীতে স্কুলটির দেখভালের দায়িত্ব স্থানীয় কারবারী শান্তিময় চাকমার নিকট হস্তান্তর করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে কাপ্তাই ব্যাটালিয়নের বিজিবি সদস্যবৃন্দ, ছাত্র-ছাত্রীদের অভিভাবক এবং স্থানীয় নেতৃস্থানীয় ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এর আগে, গত ৩০ জুলাই কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক এবং ওয়াগ্গাছড়া জোন কমান্ডার লে. কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে কচুতলী টিওবি পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধি ও জনগণের সাথে মতবিনিময় করেন। সেখানে স্থানীয়রা পুন্নমনিছড়া এলাকায় একটি স্কুল নির্মাণের দাবি জানান। 

এরপর বিজিবি কাপ্তাই ব্যাটালিয়ন ও ওয়াগ্গাছড়া জোন কর্তৃপক্ষ এই অঞ্চলে শিক্ষা উন্নয়নে পদক্ষেপ গ্রহণ করে। সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় দুর্গম কজাতলীপাড়া, পুন্নমণিছড়া পাড়া এবং এইডছড়ি পাড়ার চাকমা ও তনচঙ্গ্যা সম্প্রদায়ের মোট ৫৫টি পরিবারের শিশুদের জন্য স্কুল ঘরটি নির্মাণ করা হয়।