ফকিরহাটে আনলকিং বিষয়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

ফকিরহাটে আনলকিং বিষয়ে প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সংগৃহীত

বাগেরহাটের ফকিরহাটে ব্র্যাক দক্ষতা উন্নয়ন কর্মসূচির উদ্যোগে ‘আনলকিং ফাইন্যান্সিয়াল সল্যুশন্স ফর ইয়ুথ এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট’ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকেলে ফকিরহাট উপজেলা পরিষদ সভাকক্ষে ব্র্যাক ওই প্রকল্প অবহিতকরণ সভার আয়োজন করে।

ব্র্যাক জেলা সমন্বয়ক এসএম ইদ্রীস আলমের সভাপতিত্বে উক্ত প্রকল্প অবহিতকরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কোহিনুর জাহান। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ.এস.এম শাহনেওয়াজ মেহেদী। এছাড়া উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার, প্রাথমিক শিক্ষা অফিসার, সমাজ সেবা অফিসার, যুব উন্নয়ন অফিসার, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, বিভিন্ন এনজিওর উর্ধতন কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি, ইমাম, আঞ্চলিক হিসাব ব্যবস্থাপক (অর্থ ও হিসাব) মিন্টু চন্দ্র দাশ, জেলা ব্যবস্থাপক ফিরোজ আহমেদ এবং ব্র্যাক সুবিধাভোগীরা।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব কোহিনুর জাহান বলেন, ‘দক্ষ জনশক্তি দেশের সম্পদ। সেই দক্ষতা উন্নয়নের কাজটি ব্র্যাক করছে, এটি জানতে পেরে আমি আনন্দিত। পরবর্তীতে এই দক্ষ জনশক্তি দেশের গণ্ডি পেরিয়ে বিদেশে গিয়ে রেমিটেন্স যোদ্ধা হিসেবে দেশের উন্নয়নে অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি।’

সভাপতির বক্তব্যে ব্র্যাকের জেলা সমন্বয়ক এসএম ইদ্রীস আলম বলেন, ‘১৮ থেকে ৩৫ বছর বয়সী যেসব উদ্যোক্তা কারিগরি কাজে দক্ষ, কিন্তু ব্যবসা শুরু করার জন্য প্রয়োজনীয় জ্ঞান বা সাহসের অভাবে এগিয়ে যেতে পারছেন না, তাদেরকে হাতে কলমে ব্যবসার কৌশল শেখানো হবে। প্রশিক্ষণ শেষে এসব উদ্যোক্তাদের বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের সাথে লিংকেজ তৈরি করা হবে। পরবর্তীতে ফলোআপের মাধ্যমে তাদের দিকনির্দেশনা প্রদান করা হবে, যা এই প্রকল্পের মূল উদ্দেশ্য।’