বেনাপোলে শরীরের সঙ্গে স্কচটেপে মোড়ানো গাঁজা পাচারকালে আটক ১

বেনাপোলে শরীরের সঙ্গে স্কচটেপে মোড়ানো গাঁজা পাচারকালে আটক ১

ছবিঃ সংগৃহীত।

ভারত থেকে মাদক পাচার করে এনে শরীরের সঙ্গে মুড়িয়ে অভিনব কৌশলে দেশের অভ্যন্তরে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়ার সময় মো. ইমাদুল ইসলাম (৩৫) নামে এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বেনাপোল প্রাইমারি স্কুল এলাকা থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ইমাদুল বেনাপোল পোর্ট থানার ধান্যখোলা এলাকার মানকিয়া গ্রামের তাহাজ্জুত ইসলামের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, বেনাপোল প্রাইমারি স্কুল এলাকা দিয়ে একজন মাদক ব্যবসায়ী গাঁজার চালান নিয়ে যশোরের দিকে যাচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সীমান্তের ১৮/৩-এস পিলার থেকে ১ কিলোমিটার বাংলাদেশ অভ্যন্তরে ওই এলাকায় অভিযান চালিয়ে ইমদাদুল নামে একজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ক্যাম্পে নেওয়া হয়। এ সময় তার শরীরে অভিনব কৌশলে স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় গাঁজা উদ্ধার করা হয়।

পরে স্কচটেপ কেটে তার মধ্যে তল্লাশি করে দুই কেজি গাঁজা পাওয়া যায়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলসহ তাকে গ্রেফতার এবং মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়।’