লা লিগায় এক ম্যাচে নিষিদ্ধ ভিনিসিয়ুস
ভিনিসিয়াস জুনিয়র
লা লিগায় গতকাল রায়ে ভায়েকানোর বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। এ ম্যাচে জিততে পারলে বার্সেলোনাকে টপকে লিগ পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ ছিল লস ব্লাঙ্কোসদের। প্রতিপক্ষের মাঠে এ ম্যাচে দুই দফা পিছিয়ে পড়ার পর প্রথমার্ধেই সমতায় ফিরে রিয়াল। এরপর দ্বিতীয়ার্ধে লিডও পেয়েছিল কার্লো আনচেলত্তির শিষ্যরা।
তবে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়তে পারেনি বর্তমান চ্যাম্পিয়নরা। ৩-৩ গোলের সমতায় মাঠ ছাড়তে হয় রিয়ালের। এদিকে ভিনিকে নিয়ে দুসংবাদ পেয়েছেন আনচেলত্তি। ঘরের মাঠে সেভিয়ার বিপক্ষে বছরের শেষ ম্যাচটি খেলবে রিয়াল মাদ্রিদ। লা লিগার ম্যাচটিতে অন্যতম তারকা ফরোয়ার্ড ভিনিসিয়াস জুনিয়রকে পাচ্ছে না স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি।
কার্ড হজম করার শাস্তি স্বরূপ এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়েছেন ব্রাজিল তারকা। ভায়েকানোর বিপক্ষে দ্বিতীয়ার্ধে মাঠে নামা ব্রাজিল তারকা প্রতিপক্ষে ডি বক্সের দাগের কাছে ফাউলের শিকার হন। রিয়াল খেলোয়াড়রা পেনাল্টির আবেদন করলেও রেফারি ফ্রি-কিক দেন। তাতে চটে যান ভিনি। রেফারির সামনে ছুটে গিয়ে ক্ষিপ্ত হয়ে হাত উঁচিয়ে প্রতিবাদ জানান। পরে ব্রাজিল তারকাকে হলুদ কার্ড দেখান রেফারি।
চলতি আসরে এ নিয়ে পঞ্চম হলুদ কার্ড ব্রাজিলের এই তারকার। নিয়ম অনুযায়ী পরের লিগ ম্যাচে নিষিদ্ধ থাকবেন তিনি। তাই আগামী ২২ ডিসেম্বর সেভিয়ার বিপক্ষে তাকে পাচ্ছে না রিয়াল। তবে বুধবার কাতারের দোহায় গড়াতে চলা ফিফা ইন্টারকন্টিনেন্টাল কাপের ফাইনালে মেক্সিকোর ক্লাব পাচুকার বিপক্ষে খেলতে পারবেন ব্রাজিল তারকা।