কক্সবাজারে ছড়াখালের পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
প্রতিকী ছবি
কক্সবাজারের চকরিয়ায় গোসল করতে নেমে ছড়াখালের পানিতে ডুবে তছলিমা জান্নাত (১৬) নামে এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে। আজ রবিবার দুপুর সোয়া ১২টার দিকে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বালুচর দক্ষিণ ষোল হিস্যা এলাকার বগাছড়ি ছড়াখালে এ ঘটনা ঘটে।
তছলিমা জান্নাত ওই এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে ও স্থানীয় ডুলাহাজারা কলেজিয়েট ইন্সটিটিউটের দশম শ্রেণীর ছাত্রী।
স্কুল পরিচালনা কমিটির সদস্য মো. খালেদ চৌধুরী পানিতে ডুবে স্কুল ছাত্রী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে বাড়ির অদূরে বগাছড়ি ছড়াখালে গোসল করতে যায় তছলিমা।
এ সময় ছড়াখালের পানিতে ডুব দেওয়ার পর সে আর উঠেনি। পরে সাথে থাকা অপর শিশুরা তাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ পর তছলিমার মরদেহ ভেসে উঠে।